ইসরাইলের সঙ্গে চুক্তির নিন্দায় সিপিএম
নতুন পয়গাম, নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর:
ইসরাইলের সঙ্গে চুক্তি করায় কেন্দ্র সরকারের তীব্র সমালোচনা করল সিপিএম পলিটব্যুরো। এই মর্মে ইসরাইলি অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিকের ভারত সফরের নিন্দা জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছে সিপিএম-এর সর্বোচ্চ নীতিনির্ধারণ কমিটি পলিটব্যুরো। তারা বলেছে, ফিলিস্তিনের গাজা উপত্যকায় গণহত্যা চলছে। ফিলিস্তিনিদেরকে স্বভূমি থেকে বিতাড়িত করে তাদের জমির দখল নিতে নির্বিচারে আগ্রাসন চালাচ্ছে ইসরাইল। এই পাশবিক নীতির অন্যতম প্রবক্তা তথা ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ঘনিষ্ঠ দোসর অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিক। ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া, নরওয়ে, নেদারল্যান্ডস, স্লোভেনিয়া, নিউজিল্যান্ড-এর মতো দেশগুলো যেখানে স্মোটরিকের প্রবেশ নিষিদ্ধ করেছে; সেখানে নরেন্দ্র মোদী সরকার এই কুখ্যাত ইসরাইলি অর্থমন্ত্রীকে ডেকে এনে চুক্তি সই করছে।
সোমবার দিল্লিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে বৈঠক করে দ্বিপাক্ষিক চুক্তিতে সই করেন স্মোটরিক। তার প্রতিবাদে সিপিএম-এর ছাত্র সংগঠন এসএফআই দেশজুড়ে তিনদিন ধরে প্রতিবাদ বিক্ষোভের ডাক দিয়েছে। পলিটব্যুরোর অভিযোগ, ইসরাইলি শিল্পপতি ও লগ্নিকারীদের একগুচ্ছ সুবিধার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এই সমঝোতায়। সিপিএম এও বলেছে, নেতানিয়াহু সরকারের মন্ত্রী স্মোটরিক অত্যন্ত কট্টর জাতিবিদ্বেষী যায়নবাদী দলের নেনতা। ফিলিস্তিনিদের উৎখাত করে জোর করে গাজা ভূখণ্ড দখল করে নেওয়ার অন্যতম হোতা তিনি। পাশাপাশি ওয়েস্ট ব্যাঙ্ককে ইসরাইল যাতে দখল করে নিতে পারে, তার পক্ষেও জোরদার প্রচার চালিয়ে যাচ্ছেন এই স্মোটরিক।
সিপিএম পলিট ব্যুরো মঙ্গলবার তাদের প্রতিক্রিয়ায় আরো বলেছে, অত্যন্ত লজ্জার বিষয় হল, এমন একজনকে অতিথি করে ডেকে এনে ইসরাইলের সঙ্গে চুক্তি সই করছে মোদী সরকার। আর এমন সময়ে তা করা হল, যখন গাজায় প্রতিদিন শয়ে শয়ে গণহত্যা চালাচ্ছে ইসরাইল। এতেই স্পষ্ট যে, ইসরাইলের কুখ্যাত নেতানিয়াহু সরকারের সঙ্গে মোদী সরকারের বন্ধন কত গভীর। এটাই বুঝিয়ে দিচ্ছে যে, গাজায় বীভৎস গণহত্যার সঙ্গে পরোক্ষভাবে জড়িয়ে রয়েছে মোদী সরকার।
পলিটব্যুরোর দাবি, ইইরাইলের সঙ্গে সামরিক, অর্থনৈতিক এবং সুরক্ষা সংক্রান্ত যাবতীয় বোঝাপড়া ও চুক্তি অবিলম্বে বাতিল করতে হবে। যতদিন ইসরাইল গাজায় যুদ্ধবিরতি কার্যকর না করে এবং ফিলিস্তিনের স্বাধীনতা ও সমাধানের পক্ষে নীতি না নিচ্ছে, ততদিন ইসরাইলের সঙ্গে কোন সমঝোতা চলবে না।








