দীর্ঘ আন্দোলনের পর কাবিলপুরবাসী পেতে চলেছে কাঙ্খিত রাস্তা
নতুন পয়গাম, রহমতুল্লাহ, সাগরদিঘী: দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটতে চলেছে সাগরদিঘী ব্লকের কাবিলপুরে। এলাকার বহুচর্চিত ও বেহাল রাস্তার সংস্কারকাজ রোজার আগেই শুরু হতে চলেছে। আগামী শনিবার, ১৪ই ফেব্রুয়ারি, এই গুরুত্বপূর্ণ রাস্তার আনুষ্ঠানিক শুভ শিলান্যাস অনুষ্ঠিত হবে। রাস্তার কাজ শুরুর খবরে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন জেলা প্রশাসন থেকে শুরু করে স্থানীয় জনপ্রতিনিধি ও গ্রামবাসীরা। সাগরদিঘীর বিধায়ক বাইরন বিশ্বাস জানান, সকলের সম্মিলিত উদ্যোগ ও প্রচেষ্টার ফলেই এই রাস্তার কাজ শুরু করা সম্ভব হচ্ছে। অন্যদিকে সাংসদ খলিলুর রহমান বলেন, প্রশাসনিক কিছু জটিলতার কারণে কাজ শুরু হতে দেরি হলেও শেষ পর্যন্ত তা কাটিয়ে ওঠা গেছে এবং রাস্তার কাজের পথ প্রশস্ত হয়েছে।
কংগ্রেস নেতা আমিনুল ইসলাম বলেন, “দীর্ঘ আন্দোলনের পর এই রাস্তার অনুমোদন মিলেছে। গ্রামবাসীদের দাবি ছিল, রাস্তাটি পূর্ত দফতরের অধীনে আনা হোক, তবে আপাতত তা সম্ভব হয়নি।” ইতিমধ্যেই অরঙ্গাবাদের একটি ঠিকাদারি সংস্থাকে কাজের বরাত দেওয়া হয়েছে। সংস্থার কর্ণধার অমিত চক্রবর্তী জানান, ওয়ার্ক অর্ডার হাতে এসেছে এবং রোজার আগেই কাজ শুরু হবে। নির্ধারিত সময়ের মধ্যেই কাজ সম্পন্ন করা যাবে বলে আশাবাদী তিনি।
সাগরদিঘীর বালিয়া মোড় থেকে কাবিলপুর বটতলা, রঞ্জিতপুর, অমৃতপুর হয়ে সীতেশনগর ঘাট পর্যন্ত মোট ৮.৩ কিলোমিটার দীর্ঘ এই রাস্তাটি ‘আরআইডিএফ–৩১’ প্রকল্পের আওতায় নির্মিত হবে। প্রায় ১০ কোটি ৫৪ লক্ষ টাকা ব্যয়ে রাস্তার প্রস্থ ১২ ফুট থেকে বাড়িয়ে ১৮ ফুট করা হবে। এক বছরের মধ্যে কাজ শেষ করার পাশাপাশি আগামী পাঁচ বছর রাস্তার রক্ষণাবেক্ষণের দায়িত্বও থাকবে ঠিকাদারি সংস্থার উপর।








