কুলতলিতে ৩০ বছর পর কৃষি সমবায় সমিতিতে তৃণমূল কংগ্রেসের দখল
উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, নতুন পয়গাম, কুলতলি:
২০২৬ বিধানসভা নির্বাচনের আগে সমবায় ভোটে জয়ের ধারা জারি রাখল তৃণমূল কংগ্রেস। সোমবার কুলতলি ব্লকের কুন্দখালি গোদাবর গ্রাম পঞ্চায়েতের কোয়াবাটি কৃষি উন্নয়ন সমবায় সমিতির নির্বাচনে ৯টি আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন তৃণমূলের প্রার্থীরা। প্রায় ৩০ বছর ধরে বামফ্রন্টের দখলে থাকা এই সমিতি এবার প্রথমবারের মতো তৃণমূলের নিয়ন্ত্রণে এল।
জয়ের পর বিজয় উচ্ছ্বাসে সামিল হন কুলতলির বিধায়ক গণেশ চন্দ্র মন্ডল ও দলের অন্যান্য নেতৃত্ব। জয়ী সদস্যরা হলেন – মমতা মন্ডল, রুকুনউদ্দিন লস্কর, মুছারালী লস্কর, দেবদাস নস্কর, রামপদ মন্ডল, আমালুল্লা পিয়াদা, কার্তিক সরদার ও অর্পনা নস্কর। বিধায়ক গণেশ মন্ডল জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজের প্রতি মানুষের আস্থা তৃণমূলকে এই জয়ে পৌঁছে দিয়েছে। সমিতির মাধ্যমে কৃষি উন্নয়ন ও এলাকার সার্বিক অগ্রগতি নিশ্চিত করা হবে বলেও তিনি জানান।








