হুগলি জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে খাদ্য সুরক্ষা মেলা’য় সুষম খাদ্য খাওয়ার পরামর্শ
নতুন পয়গাম, আব্দুল গফফার, হুগলিঃ এই মরশুমে অনেক রকম মেলার মধ্যে এবার একেবারে সরকারি উদ্যোগে খাদ্য সুরক্ষা মেলার আয়োজন। হুগলি জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে আয়োজিত এই মেলায় সকলের উদ্দেশ্যে খাদ্য বিধি মেনে সুষম খাদ্য গ্রহণ করার পরামর্শ দেওয়া হয়। মূলত কোন কোন খাবারে কি কি পুষ্টিগুণ থাকে, ফাস্ট ফুড, জাঙ্ক ফুডকে এড়িয়ে গিয়ে কোন ধরণের সুষম খাদ্য খাওয়া যায় তার পরামর্শও দেন স্বাস্থ্য কর্তারা। তাঁরা সহজপাচ্য খাবার, বিশেষ করে শিশুদের ছয় মাস বয়স পর্যন্ত মাতৃদুগ্ধ পান করার বিষয়ে নজর দিতে বলেন।
শুধু তাই নয়, ইদানিং বাড়ির খাবারের পাশাপাশি বাইরের খাবার বিশেষত রেস্তোরায় গিয়ে খাওয়ার প্রবণতা ক্রমশঃ বেড়ে চলেছে। সেখানে প্যাকেটজাত খাবারও খান অনেকে। এইসব বাইরের খাবারে প্রচুর পরিমাণে ফ্যাটি অ্যাসিড থাকে যা স্বাস্থ্যের পক্ষে ভীষণ ক্ষতিকর। আবার দেখা গেছে, অনেক রকম খাবারে রং করা থাকছে যা কোলেস্টোরেল বাড়িয়ে দেয়।যেটাতে ক্যান্সারের প্রবণতা থাকে। মেলা থেকে আরও জানানো হয়, শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য মিলেট খাবার খাওয়া যেতে পারে। এতে কার্বোহাইড্রেট এবং প্রোটিন দুটোই থাকে।বাইরের খাবারকে যদি এড়িয়ে চলা যায় তাহলে না মানুষ অনেকদিন সুস্থভাবে। বাঁচতে পারে।
এদিকে জেলা উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক-২ দেবযানী বসু মল্লিক আরও বলেন, ইট রাইট মেলার মূল বক্তব্যই হচ্ছে, স্বাস্থ্য আমাদের সম্পদ, তাই সুস্বাস্থ্যের জন্য সুখাদ্য ভীষণ দরকার। সুস্বাদু অথচ স্বাস্থ্যকর খাবার কিভাবে তৈরি করা যায়, গ্রাহক হিসেবে খাবার কিনতে গেলে কোন কোন বিষয়ে দেখা উচিত সেইসব জানানোর উদ্দেশ্যেই এই মেলার আয়োজন। বৃহস্পতিবার চুঁচুড়ার সুজন বাগানে জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত খাদ্য সুরক্ষা বা ইট রাইট মেলা’য় উপস্থিত ছিলেন জেলা মুখ্য ও স্বাস্থ্য আধিকারিক মৃগাঙ্ক মৌলি কর সহ রাজ্য স্বাস্থ্য ভবন থেকে আসা প্রতিনিধি এবং হুগলি জেলা খাদ্য সুরক্ষা আধিকারিক এবং অন্যান্য স্বাস্থ্য আধিকারিকবৃন্দ। খাদ্য সুরক্ষা মেলায় জেলা স্বাস্থ্য দপ্তর সহ বিভিন্ন সংস্থা অংশগ্রহণ করে বলে জানা গেছে।








