আদিবাসীরা হিন্দু নন: কংগ্রেস নেতা
নতুন পয়গাম, ছিন্দওয়াড়া, ৬ সেপ্টেম্বর:
মধ্যপ্রদেশের বিরোধী দল কংগ্রেসের নেতা উমঙ্গ সিঙ্ঘার বলেছেন আদিবাসীরা হিন্দু নন। ছিন্দওয়াড়ার এক অনুষ্ঠানে এই মন্তব্য করে বিতর্কে জড়ালেন তিনি। যদিও উপজাতি এবং আদিবাসীদের একটা বড় অংশের মানুষ বরাবরই নিজেদেরকে অ-হিন্দু বলে পরিচয় দিতে স্বচ্ছন্দ বোধ করেন। এজন্য তারা দীর্ঘকাল ধরে বিক্ষোভ, সমাবেশ, সভা-সমিতি, স্মারকলিপি দিয়ে চলেছেন। এমতাবস্থায় এদিন মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়ায় আদিবাসী উন্নয়ন পরিষদ এবং জাতীয় করমদার পুজো কমিটির সঙ্গে বৈঠকে বিজেপি ও আরএসএস’কে নিশানা করেন কংগ্রেস নেতা উমঙ্গ সিঙ্ঘার বলেন, ‘আদিবাসীদের উপর সবসময় হিন্দুত্ব চাপিয়ে দেওয়ার চেষ্টা চলে। আমি আগেও বলেছি, এখনও বলছি, আদিবাসীরা হিন্দু নন। এটা আমার বিশ্বাস এবং আদিবাসী সমাজের প্রতি শ্রদ্ধা। আমাদের নিজস্ব সংস্কৃতি এবং জীবনচর্যা রয়েছে। আমরা যদি চাষবাস, গাছ-গাছালি, বন-জঙ্গল আর প্রকৃতি নিয়ে থাকতে চাই, তাহলে বিজেপির সমস্যা কোথায়?’
স্বাভাবিকভাবেই সিঙ্ঘারের এই মন্তব্য ঘিরে বিতর্ক দানা বাঁধে। বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী দুর্গাদাস বলেন, ‘সিঙ্ঘারের মন্তব্য সামাজিক সম্প্রীতি ও ঐক্যের জন্য অত্যন্ত ক্ষতিকারক। তাঁর অবিলম্বে ক্ষমা চাওয়া উচিত।’ যদিও আদিবাসী নেতা উমঙ্গ সিঙ্ঘার তাঁর নিজের অবস্থানে অনড়। তাঁর কথায়, এ নিয়ে বিভিন্ন রাজ্যে বহুদিন ধরে আন্দোলন, প্রতিবাদ, বিক্ষোভ চলছে। কিন্তু কোন সরকার এদিকে কর্ণপাত করেনি। তাই আমাদের দাবি ও অধিকার আমাদেরকেই আদায় করে নিতে হবে। এর জন্য শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পথে আরো বৃহত্তর আন্দোলনে নামতে হবে দেশের আদিবাসী ও উপজাতি গোষ্ঠীগুলোকে।








