কান্দির হিজলে বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে অধীর চৌধুরী
ত্রাণ বিতরণে রাজনীতি করার অভিযোগ
এজাজ আহম্মেদ
নতুন পয়গাম, কান্দি: দ্বারকা নদের বাঁধ ভেঙে মুর্শিদাবাদের কান্দি থানার অন্তর্গত হিজলের বেনীপুর-সহ একাধিক গ্রাম জলমগ্ন হয়ে পড়েছে। বৃহস্পতিবার এইসব বন্যা কবলিত এলাকা পরিদর্শনে আসেন কংগ্রেসের প্রাক্তন সাংসদ, লোকসভার প্রাক্তন বিরোধী দলনেতা ও কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য অধীর রঞ্জন চৌধুরী।
অতিরিক্ত বৃষ্টিপাত এবং দ্বারকা নদীর জল ছাড়ার ফলেই কান্দি মহকুমার একাধিক গ্রামে প্রবল জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পরিস্থিতি স্বচক্ষে দেখে অধীরবাবু অভিযোগ করেন, কান্দি মাস্টার প্ল্যানের আওতায় বাঁধ থাকলেও তার যথাযথ রক্ষণাবেক্ষণ ও মেরামত হয়নি। ফলে আজ এসব গ্রামবাসীরা চরম দুর্ভোগের শিকার।
তিনি আরও দাবি করেন, জলমগ্ন এলাকায় ত্রাণ বিতরণ নিয়েও চলছে নোংরা রাজনীতি ও পক্ষপাতিত্ব। কংগ্রেস সদস্য ও সমর্থকদের বঞ্চিত করে ত্রাণ সামগ্রী বিলি করা হচ্ছে বলে অভিযোগ তাঁর। পাশাপাশি তিনি জানান, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় তিনদিন ধরে পানীয় জলের মারাত্মক সংকট দেখা দিয়েছে। বিদ্যুৎ সরবরাহ দ্রুত স্বাভাবিক করার আবেদন জানাতে গেলে কংগ্রেসের এক পঞ্চায়েত সদস্য বাধার মুখে পড়েছেন বলেও এদিন অভিযোগ করেন তিনি।
অধীর চৌধুরী হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি সঠিকভাবে ত্রাণ সামগ্রী বন্যা কবলিত মানুষদের হাতে না পৌঁছয় এবং রাজনৈতিক বাধা সৃষ্টি হয়, তাহলে থানার সামনে বসে বিক্ষোভ আন্দোলন করব। উল্লেখ্য, হিজল পঞ্চায়েতের ওই গ্রামে রয়েছে প্রায় ৩০০ পরিবার। গ্রামের বেশিরভাগ মানুষের জীবিকা কৃষিকাজ। পাকা ও মাটির বাড়ি দুই রয়েছে এই গ্রামে। বুধবার সন্ধ্যায় এখানকার দ্বারকা নদের বাঁধ ভেঙে গেলে জল ঢুকে হিজল পঞ্চায়েতের বেশ কয়েকটি গ্রাম জলমগ্ন হয়ে পড়ে। সালেপুর গ্রামের চারপাশ প্লাবিত হয়।








