নানুরের চারকলগ্রামের ৩২ বছরের পুরনো মামলায় বেকসুর খালাস জেলা সভাধিপতি কাজল শেখ সহ ১৩ জন
খান সাহিল মাজহার, নতুন পয়গাম, বীরভূম:
প্রায় তিন দশকের দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে আদালতে স্বস্তি পেলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ সহ আরও ১৩ জন। ১৯৯৩ সালে নানুরের চারকলগ্রামে রাজনৈতিক সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে তাঁদের বিরুদ্ধে গুরুতর অভিযোগে মামলা দায়ের হয়েছিল। বৃহস্পতিবার বোলপুর মহকুমা আদালত সেই মামলায় অভিযোগের ভিত্তি না থাকায় কাজল শেখদের বেকসুর খালাস দেয়।
ঘটনার সূত্রপাত ১৯৯৩ সালে, নানুরের চারকলগ্রামে এক পারিবারিক বিবাদকে রাজনৈতিক রং দিয়ে সংঘর্ষের মামলা রুজু করা হয়। সিপিআইএম-এর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল, সেই ঘটনায় তৃণমূল নেতা কাজল শেখ ও তাঁর ১৩ সহযোগী যুক্ত ছিলেন। নানুর থানায় দায়ের হওয়া মামলাটি প্রায় ৩২ বছর ধরে আদালতে চলেছে।
রায়ের পর কাজল শেখ বলেন, “আজকের রায়ে প্রমাণিত হল, রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমাদের ফাঁসানো হয়েছিল। আমার বিরুদ্ধে বাম আমলে প্রায় ৬৩টি মিথ্যা মামলা দায়ের হয়েছিল। এখনো ৮টি মামলা ঝুলে রয়েছে। ৩২ বছর ধরে এই মামলার লড়াই করতে গিয়ে মানসিক যন্ত্রণা ভোগ করেছি। অবশেষে আজ ন্যায়বিচার পেলাম।”
আদালতের সিদ্ধান্তে খুশির স্রোত বইছে কাজল শেখ ও তাঁর সমর্থকদের মধ্যে। স্থানীয় মানুষেরও মত, এত বছর পর হলেও আদালতের এই রায় সত্যকে প্রতিষ্ঠিত করেছে।








