জার্মানিতে সাইকেল প্রতিযোগিতায় দুর্ঘটনা, আহত অন্তত ৭০জন প্রতিযোগী
নতুন পয়গাম, বার্লিনঃ জার্মানির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য বাডেন-ভ্যুর্টেমব্যার্গে ভয়াবহ সাইকেল দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৭০ জন প্রতিযোগী। স্থানীয় পুলিশের তথ্য অনুযায়ী, আহতদের মধ্যে অন্তত ২০ জনের অবস্থা গুরুতর।
রোববার দুর্ঘটনাটি ঘটে রাজ্যের বাড ডুরহাইম শহর ও বাইসিংগেন গ্রামের মধ্যবর্তী এলাকায়। আহতদের মধ্যে প্রায় ২৫ জনকে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এছাড়া আরও প্রায় ৩৫ জন সামান্য আঘাতপ্রাপ্ত বলে জানিয়েছে পুলিশ। তবে আহতদের চূড়ান্ত সংখ্যা এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
দুর্ঘটনার সূত্রপাত হয়েছিল রেসের একটি সরু রাস্তার বাঁক ঘিরে। ওই জায়গায় সামনে থাকা সাইক্লিস্টরা গতি কমিয়ে আনলে পেছনের রাইডাররা একই সময় দ্রুত গতিতে সেখানে পৌঁছে যান। ফলে একসঙ্গে অনেক প্রতিযোগী পড়ে যান। এরপর পেছন থেকে আসা আরও সাইক্লিস্ট গতি কমাতে গিয়ে নিয়ন্ত্রণ হারান এবং একের পর এক দুর্ঘটনা ঘটতে থাকে।








