অভিষেকের প্রশ্ন, নির্মলার উত্তর
নতুন পয়গাম, নয়াদিল্লি:
ইউপিআই জালিয়াতি মামলায় কত দ্রুত সরকার সমস্যা মিটিয়েছে, তা নিয়ে সোমবার লোকসভায় প্রশ্ন করেছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। জবাবে অর্থমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী পঙ্কজ চৌধুরী লিখিতভাবে জানিয়েছেন, রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া এবং ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অব ইন্ডিয়া রাজ্যওয়াড়ি ইউপিআই জালিয়াতির কোনও রেকর্ড রাখে না। তবে জালিয়াতির খবর জানার পরেই সাতদিনের মধ্যে ২২ শতাংশ এবং একমাসের মধ্যে ৯২ শতাংশ মামলার সমস্যা মেটানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ৬ শতাংশ সমস্যা মিটিয়ে অর্থ উদ্ধার হয়েছে।
ডাবল ইঞ্জিন রাজ্য গুজরাত, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এবং উত্তরপ্রদেশ থেকে বিভিন্ন কোম্পানি তাদের অফিস সরিয়ে নিচ্ছে। সোমবার লোকসভায় এমনটাই জানাল মোদি সরকার। কয়েকদিন আগেই তৃণমূলের বিরুদ্ধে বঙ্গ বিজেপির একাংশ প্রচার করেছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে রাজ্যে কাজের পরিবেশ নেই। বহু কোম্পানি চলে যাচ্ছে ভিন রাজ্যে। তারা বাংলায় বিনিয়োগে আগ্রহী নয়। তারই পালটা দিতে এখন তৃণমূলের হাতে এসে গিয়েছে অন্য তথ্য। সোমবার তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর লিখিত প্রশ্নের উত্তরে কর্পোরেট বিষয়কমন্ত্রী হর্ষ মালহোত্রা জানিয়েছেন, বিজেপি শাসিত ওই চার রাজ্য থেকে গত ১১ বছরে ৫ হাজার ১৩৭টি কোম্পানি তাদের অফিস অন্য রাজ্যে সরিয়ে নিয়ে গেছে। এর মধ্যে গুজরাতে থেকে চলে গিয়েছে ৮৪৬টি কোম্পানি। মধ্যপ্রদেশ থেকে ৩৮৯। উত্তরপ্রদেশ থেকে অফিস সরিয়েছে ৭১১টি কোম্পানি। সবচেয়ে বেশি মহারাষ্ট্র থেকে। সংখ্যাটি ৩ হাজার ১৯১। লোকসভায় লিখিতভাবে মন্ত্রী এও জানিয়েছেন, গুজরাত থেকে পশ্চিমবঙ্গে অফিস সরিয়েছে ৪০টি কোম্পানি। একইভাবে মধ্যপ্রদেশ থেকে বাংলায় এসেছে ১১টি, মহারাষ্ট্র থেকে ২১১টি এবং উত্তরপ্রদেশ থেকে ২৮টি কোম্পানি।








