আপ নেতার সম্পত্তি বাজেয়াপ্ত, ইডি-র বাণে বিদ্ধ প্রাক্তন মন্ত্রী
নতুন পয়গাম, নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর:
আর্থিক তছরুপ মামলায় দিল্লির প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী তথা আপ নেতা সত্যেন্দ্র জৈন নতুন করে বিড়ম্বনায় পড়লেন। কেজরিওয়ালের দলের এই শীর্ষনেতাকে ২০২২ সালে গ্রেপ্তার করে ইডি। এবার তাঁর ৭ কোটি ৪৪ লক্ষ টাকার বেনামি সম্পত্তি বাজেয়াপ্ত করা হল। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগে বলা হয়েছে, মন্ত্রী পদে থাকাকালে ক্ষমতার অপব্যবহার করে বেআইনি টাকায় জমি কিনেছিলেন তিনি। তিহার জেলে বন্দি থাকার পর অসুস্থ হয়ে পড়ে গত বছর মে মাসে জ্ঞান হারিয়ে জেলের শৌচালয়েই পড়ে যান। এর পর সুপ্রিম কোর্টে আদালতে সত্যেন্দ্রর অসুস্থতার কারণ দেখিয়ে অন্তর্বর্তী জামিনের আবেদন জানানো হয়। সেই আবেদন মঞ্জুর করেছিল শীর্ষ আদালত।
তবে কিছুদিন পর আদালতের নির্দেশে ফের জেলে ফিরতে হয় তাঁকে। গত বছর অক্টোবরে মুক্তি পান। ইডি এখনও বিষয়টার তদন্ত করছে। ২০১৭ সালে সত্যেন্দ্রর বিরুদ্ধে আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি, দুর্নীতি ও তছরুপের মামলা দায়ের করা হয়। সত্যেন্দ্রর ঘনিষ্ঠ দু’জনের কাছ থেকে ৭ কোটি ৪৪ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। যদিও এগুলো বেনামে রয়েছে, সত্যেন্দ্রর নামে নেই। ইডি-র দাবি, বাজেয়াপ্ত ওই সম্পত্তি আসলে সত্যেন্দ্রর।








