গিলান্ডি নদীতে ডুবে মৃত্যু শিশু কন্যার
প্রীতিময় সরখেল, নতুন পয়গাম, ধূপগুড়িঃ
বাড়ির সকলেই যখন কাজে ব্যস্ত, ঠিক সেই সময় খেলতে খেলতেই বাড়ির পাশের গিলান্ডি নদীতে জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হল এক শিশু কন্যার। ঘটনাটি শনিবার সকালে ঘটেছে ধূপগুড়ি মহকুমার নিরঞ্জন পাঠ মধ্যপাড়া এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত শিশুটির বাবা বিশ্বজিৎ রায় কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরোনোর সময় শিশুটিকে তার দাদার কাছে রেখে যান। কিছুক্ষণ পর শিশুটি হাঁটতে চাইলে জ্যেঠু তাকে কোল থেকে নামিয়ে দেন। সেই সময় বাড়ির কাছেই গিলান্ডি নদীর ধারে শিশুটির মা গরুকে খাবার দিতে যান। মায়ের পেছন পেছন বাড়ির অন্যান্য শিশুদের সঙ্গে নদীর দিকে চলে যায় শিশুটিও।
খেলার ছলেই সবার অজান্তে কোনওভাবে শিশুটি নদীতে পড়ে যায়। কিছুক্ষণ পরে তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। এরপর নদীর জলে শিশুটির পা ভাসতে দেখা যায়। তড়িঘড়ি নদী থেকে উদ্ধার করে শিশুটিকে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
হাসপাতালে এই খবরে কান্নায় ভেঙে পড়েন মৃত শিশুর পরিবারের সদস্যরা। ঘটনাকে ঘিরে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিশুটির দেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।








