লক্ষ্মী ভান্ডারের বাড়তি টাকায় রাজ্যজুড়ে খুশির হাওয়া
নতুন পয়গাম তৌসিফ আহম্মেদ, ইন্দাস বাঁকুড়া: রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণামতো লক্ষ্মী ভান্ডার প্রকল্পে মাসিক অনুদান ৫০০ টাকা বৃদ্ধি পাওয়ায় রাজ্যজুড়ে খুশির হাওয়া বইছে। ইতিমধ্যেই মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাড়তি টাকা জমা পড়তে শুরু করেছে। নতুন ঘোষণার ফলে যেসব মহিলা আগে মাসে এক হাজার টাকা করে পেতেন, তাঁরা এখন পাচ্ছেন ১৫০০ টাকা। পাশাপাশি তপশিলি জাতি ও ওবিসি শ্রেণিভুক্ত উপভোক্তা মহিলাদের অ্যাকাউন্টে মাসে ১৭০০ টাকা করে জমা পড়ছে। ব্যাঙ্কে টাকা জমা পড়ার সঙ্গে সঙ্গেই মোবাইলে মেসেজ পৌঁছাতেই মহিলাদের মধ্যে দেখা যায় ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস। অনেকেই এই সহায়তা পেয়ে নিজেদের গর্বিত বলে মনে করছেন এবং মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাচ্ছেন। উপভোক্তাদের বক্তব্য, সংসারের দৈনন্দিন খরচ চালাতে লক্ষ্মী ভান্ডারের এই অর্থ অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করছে।
একাধিক গৃহবধূ জানান, পরিবারের কর্তা সবসময় বাড়িতে থাকেন না। হঠাৎ সংসারের কোনো জরুরি প্রয়োজন দেখা দিলে লক্ষ্মী ভান্ডারের টাকা হাতের কাছে থাকায় বড় সুবিধা হয়। রান্নাবান্না থেকে শুরু করে চিকিৎসা কিংবা শিশুদের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে এই অর্থ যথেষ্ট সাহায্য করছে বলে জানান তাঁরা। মহিলাদের আরও বক্তব্য, যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী তাঁদের পাশে দাঁড়াচ্ছেন, তাতে তাঁরা সত্যিই উপকৃত হচ্ছেন। এই প্রকল্প তাঁদের আর্থিকভাবে আত্মনির্ভর করে তুলছে বলেও মত প্রকাশ করেন অনেকেই। তাই তাঁরা আবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও তাঁকে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান বলে আশা প্রকাশ করেন। সার্বিকভাবে লক্ষ্মী ভান্ডার প্রকল্প রাজ্যের মহিলাদের আর্থিক সুরক্ষা ও ক্ষমতায়নের পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ– এ কথা এখন কার্যত স্বীকার করছেন উপভোক্তারা।








