পুজোর আগে মানবিকতার ছোঁয়া প্রতিবন্ধী যুবকের হাতে হুইলচেয়ার
নতুন পয়গাম, ফুলবাড়ি:
পুজোর আগে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন স্বেচ্ছাসেবক নারায়ণ অধিকারী ও তার বন্ধুরা। মাথাভাঙ্গা-২ ব্লকের ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের কাঁচাখাওয়া উত্তর ক্ষেতী এলাকার ৩৮ বছর বয়সী প্রতিবন্ধী যুবক সুমন্ত বর্মনের হাতে বুধবার হুইলচেয়ার ও নতুন পুজোর পোশাক তুলে দেন তারা।
দীর্ঘ পাঁচ বছর গৃহবন্দী থাকার পর সুমন্ত হুইলচেয়ারের মাধ্যমে বাড়ির বাইরে বেরিয়ে প্রকৃতির হাওয়া অনুভব করেন। শারীরিক অক্ষমতার কারণে সুমন্ত বহু চিকিৎসা সত্ত্বেও স্বাভাবিক জীবনে ফেরতে পারেননি। স্থানীয় প্রশাসন ও পঞ্চায়েতের দ্বারস্থ হওয়া সত্ত্বেও হুইলচেয়ারের কোনো ব্যবস্থা হয়নি।
সোশ্যাল মিডিয়ার মাধ্যমে স্বেচ্ছাসেবক ও বন্ধুরা হুইলচেয়ার সংগ্রহ করে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই উদ্যোগ সুমন্ত ও পরিবারের জন্য আনন্দের।
সুমন্তের পিতা মহেশ বর্মন বলেন, “ছেলের জন্য বহুবার আবেদন করেও কিছু পাইনি। আজ নারায়ণ বাবু ও তার বন্ধুরা যে কাজটি করেছেন, তা সত্যিই অনন্য। আমরা অত্যন্ত খুশি।”








