সাগরদিঘীতে চলন্ত সরকারী বাসে ভয়াবহ অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা
রহমতুল্লাহ, সাগরদিঘী: সোমবার সকালেই ঘটল এক চাঞ্চল্যকর ঘটনা। সাগরদিঘীর মোড়গ্রাম সংলগ্ন দোহালমোড় এলাকায় হঠাৎই চলন্ত সরকারী বাসে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। বহরমপুর থেকে ফারাক্কার দিকে যাত্রাপথে থাকা স্টেট বাসটিতে হঠাৎ আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যেই ধোঁয়া ও আগুনে বাস ভরে উঠতে থাকলে যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আতঙ্কে হুড়োহুড়ি শুরু হলেও দ্রুত বাস থামিয়ে সকল যাত্রী কোনরকমে প্রাণ নিয়ে বাইরে বেরিয়ে আসতে সক্ষম হন। ফলে বড় ধরনের কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে ঘটনার আকস্মিকতায় যাত্রীরা ভীষণভাবে আতঙ্কিত হয়ে পড়েন।
অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাসের ইঞ্জিন বা বৈদ্যুতিক যান্ত্রিক ত্রুটির কারণে আগুন লেগে থাকতে পারে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে সাগরদিঘী থানার পুলিশ। দমকল বাহিনী এবং স্থানীয়রাও এগিয়ে এসে পরিস্থিতি সামাল দিতে সাহায্য করেন।
ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বাসটির ক্ষয়ক্ষতির পরিমাণ বিশাল বলে জানা গেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।








