শিক্ষক মদনমোহন মুখোপাধ্যায়ের স্মৃতি অমলিন রাখতে ছামুগ্রামে একগুচ্ছ কর্মসূচি
রহমতুল্লাহ, নতুন পয়গাম, সাগরদিঘী:
প্রয়াত শিক্ষক মদনমোহন মুখোপাধ্যায়ের স্মৃতিকে স্মরণীয় করে রাখতে এক অনন্য উদ্যোগে এগিয়ে এলেন তাঁর পরিবার। সাগরদিঘীর ছামুগ্রামের অনিমিখা অনুষ্ঠান বাড়িতে “মদনমোহন ট্রাস্ট”-এর পক্ষ থেকে আয়োজিত হলো একগুচ্ছ সামাজিক কর্মসূচি ও বিনা মূল্যে চক্ষু পরীক্ষা শিবির।
দিনভর কর্মসূচিতে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, ট্রাস্টের সদস্যবৃন্দ ও শতাধিক গ্রামবাসী। এদিন প্রায় ৫ হাজার মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়, সেই সঙ্গে খাওয়া-দাওয়ারও সুব্যবস্থা ছিল সকলের জন্য। পাশাপাশি আয়োজিত হয় বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির, যা স্থানীয়দের মধ্যে বিপুল সাড়া ফেলে।
এদিনের অনুষ্ঠানে অনিমিখা অনুষ্ঠান বাড়ির প্রাঙ্গণে রাধাকৃষ্ণ মন্দিরের দ্বারোদ্ঘাটনও সম্পন্ন হয়।
প্রয়াত শিক্ষকের সহধর্মিনী মমতা মুখার্জি জানান, “আমার ছেলে শহরে সফল হলেও বাবার স্মৃতিকে আঁকড়ে ধরে গ্রামের মানুষের পাশে থাকার ইচ্ছাতেই এই উদ্যোগ।” তিনি আরও বলেন, “বাবা ছিলেন একজন আদর্শ শিক্ষক। তাঁর দেখানো পথেই ছেলেরা আজ সমাজের কল্যাণে কাজ করছে।”
ট্রাস্টের অন্যতম সদস্য লোপা মুদ্রা মুখার্জি বলেন, “একটি ট্রাস্ট চালাতে গেলে আর্থিক সংস্থান প্রয়োজন। সেই কারণেই ‘অনিমিখা’ নামে এই অনুষ্ঠান বাড়ি নির্মাণ করা হয়েছে। ভবিষ্যতে এই বাড়ি থেকে প্রাপ্ত ভাড়ার টাকায় ট্রাস্টের যাবতীয় সামাজিক উদ্যোগ পরিচালিত হবে।” তিনি জানান, ভবিষ্যতে অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করা এবং মেধাবী ছাত্রছাত্রীদের সাহায্য করার উদ্যোগ নেওয়া হবে।
গ্রামবাসীরা এমন মানবিক পদক্ষেপকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। তাঁদের বক্তব্য, “আমাদের প্রিয় মাস্টারমশাইয়ের নাম আজও যেভাবে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে, তাতে আমরা গর্বিত।”
এইভাবে শিক্ষক মদনমোহন মুখোপাধ্যায়ের স্মৃতি আজও বেঁচে আছে তাঁর পরিবারের সমাজসেবামূলক কর্মকাণ্ডের মধ্য দিয়ে-যা আগামী প্রজন্মের কাছেও এক অনুকরণীয় উদাহরণ হয়ে থাকবে।








