সোনামুখী সেন্ট জেভিয়ার্স ইংরেজি শিক্ষা মাধ্যমের নতুন মাইলস্টোন
নতুন পয়গাম, সঞ্জয় মণ্ডল, বাঁকুড়া: বাঁকুড়া জেলার অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী পৌর শহর সোনামুখী ক্রমশ আধুনিকতার ছোঁয়ায় নিজস্ব স্বকীয়তায় উজ্জ্বল হয়ে উঠছে। সম্প্রতি কলকাতার সঙ্গে রেল যোগাযোগ স্থাপনের মাধ্যমে সোনামুখীর উন্নয়নের পথে যুক্ত হয়েছে নতুন মাত্রা। আধুনিক শপিং মল, রেস্তোরাঁ, উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং আবাসন প্রকল্প—সব মিলিয়ে নাগরিক জীবনের প্রায় সমস্ত প্রয়োজনই এখন হাতের নাগালে। জীবন-জীবিকা ও স্বাচ্ছন্দ্যের টানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ এসে বসবাস শুরু করায় শহরের পরিসর যেমন বেড়েছে, তেমনই বদলেছে জীবনযাত্রার ধরণ। এক সময় অপরিচিত ‘টু-বিএইচকে’, ‘থ্রি-বিএইচকে’-র মতো শব্দ আজ সোনামুখীর নাগরিক জীবনের পরিচিত অংশ। তবে আধুনিক নাগরিক সুবিধার মাঝেও একটি বড় ঘাটতি দীর্ঘদিন ধরে অনুভূত হচ্ছিল— উন্নত মানের ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠানের অভাব।
ঠিক এই প্রেক্ষাপটেই আলোর দিশা হয়ে উঠে এসেছে সোনামুখী সেন্ট জেভিয়ার্স স্কুল। ‘সেন্ট জেভিয়ার্স’ নামটি দীর্ঘদিন ধরেই ইংরেজি শিক্ষা মাধ্যমে বিশ্বাস, ভরসা ও উৎকর্ষতার প্রতীক। সেই ঐতিহ্যকে সামনে রেখেই সোনামুখীতে গড়ে ওঠা এই সিবিএসই বোর্ডের সহশিক্ষা প্রতিষ্ঠানটি অল্প সময়ের মধ্যেই নিজস্ব সাফল্যের ছাপ রেখেছে। বর্তমানে মন্টেসরি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পাঠদান চালু রয়েছে, সঙ্গে বিজ্ঞান বিভাগও। ইংরেজি প্রধান ভাষা হিসেবে এবং বাংলা ও হিন্দি দ্বিতীয় ভাষা হিসেবে পাঠদানের মাধ্যমে এই প্রতিষ্ঠানটি একটি উল্লেখযোগ্য শিক্ষাকেন্দ্রে পরিণত হয়েছে। সোনামুখী শহরের উপকণ্ঠে শান্ত, স্নিগ্ধ পরিবেশে বিস্তীর্ণ এলাকা জুড়ে গড়ে ওঠা স্কুলটি ইতিমধ্যেই তার আভিজাত্য ও স্বতন্ত্র পরিচিতি প্রতিষ্ঠা করেছে।
সোনামুখী ছাড়াও পখন্না, পলাশডাঙ্গা, ধুলাই, ইন্দাস, পাত্রসায়র, হাট কৃষ্ণনগর থেকে শুরু করে সোনামুখী-বিষ্ণুপুর সংলগ্ন বিস্তীর্ণ এলাকার ছাত্রছাত্রীরা এখানে পড়াশোনা করছে। দূরবর্তী অঞ্চল থেকে যাতায়াতের জন্য স্কুলের নিজস্ব পরিবহণ ব্যবস্থাও রয়েছে, যেখানে দায়িত্বশীল চালকদের মাধ্যমে নিরাপদে ছাত্রছাত্রীদের আনা-নেওয়া করা হয়।প্রথাগত পাঠ্যশিক্ষার পাশাপাশি নাচ, গান, বিভিন্ন খেলাধুলা, যোগাসনসহ সহশিক্ষা কার্যক্রমেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়। সাম্প্রতিক বছরগুলিতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল ছিল অত্যন্ত আশাব্যঞ্জক। দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকামণ্ডলী এবং মানবিক দৃষ্টিভঙ্গিসম্পন্ন পরিচালন পর্ষদ স্কুলটির শিক্ষার মানকে আরও সমৃদ্ধ করেছে।
সম্প্রতি আয়োজিত বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে গোটা স্কুল প্রাঙ্গণ আলোয় ভরে ওঠে। বিভিন্ন শ্রেণির ছাত্রছাত্রীরা নৃত্য, সংগীত, ইন্সট্রুমেন্টাল মিউজিক, শ্রুতি নাটক ও যোগাসনের মতো নানা পরিবেশনার মাধ্যমে নিজেদের প্রতিভার স্বাক্ষর রাখে। কচি-কাঁচাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানটিকে এনে দেয় বিশেষ মাত্রা।সব মিলিয়ে, স্বল্প সময়ের মধ্যেই সোনামুখী সেন্ট জেভিয়ার্স স্কুল তার ব্যতিক্রমী প্রয়াস ও মানসম্মত শিক্ষার মাধ্যমে এলাকায় এক গুরুত্বপূর্ণ শিক্ষাকেন্দ্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে।








