সামশেরগঞ্জে ভেজাল হলুদ প্রস্তুতকারী একটি মিলের হদিস
নিজস্ব সংবাদদাতা, নতুন পয়গাম, সামশেরগঞ্জ :
মুর্শিদাবাদের সামশেরগঞ্জে ভেজাল হলুদ প্রস্তুতকারী একটি মিলে পুলিশি অভিযান চালানো হয়েছে। সোমবার সন্ধ্যায় সামশেরগঞ্জ থানার বিশেষ টিম নতুন ডাকবাংলা এলাকার ওই হলুদ মিলে হানা দেয়।
মিলের ভিতরে বিপুল পরিমাণ নিম্নমানের ও পচা হলুদ মজুত থাকার পাশাপাশি ভেজাল মিশিয়ে হলুদ তৈরির নানা উপকরণ- রঙ মেশানোর সামগ্রী, কিছু রাসায়নিক এবং গুঁড়ো করার মেশিন উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকেই মিলের দুই কর্মীকে আটক করা হয়েছে। তবে মিলের মালিক সামসুদ্দিন পলাতক বলে জানা গেছে।
পুলিশ সূত্রে খবর, গত কয়েকদিন ধরে এলাকার বাজারে নিম্নমানের হলুদ বিক্রি হওয়ার অভিযোগ উঠছিল। স্থানীয় বাসিন্দাদের অনেকেই জানিয়েছিলেন, বাজারে পাওয়া কিছু হলুদের রঙ অস্বাভাবিক বলে মনে হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ তদন্ত শুরু করে এবং গোপন সূত্রে খবর পেয়ে সোমবার অভিযান চালায়।
তদন্তকারী অফিসারদের দাবি, মিল থেকে উদ্ধার হওয়া ভেজাল হলুদের পরিমাণ অত্যন্ত উদ্বেগজনক। তাদের সন্দেহ, দীর্ঘদিন ধরে এখানেই ভেজাল হলুদ তৈরি করে বাজারে ছড়িয়ে দেওয়া হচ্ছিল, যা সাধারণ মানুষের স্বাস্থ্যের জন্য বড় বিপদের কারণ হতে পারত।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের দাবি, এমন ভেজাল খাদ্য সামগ্রীর বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করা জরুরি। পুলিশ জানিয়েছে, পলাতক মালিক সামসুদ্দিনকে ধরতে তল্লাশি শুরু হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে।








