বড়দিনে মানবতার বার্তা
অতসী মন্ডল, নতুন পয়গাম, আন্দুল: বড়দিনে মানবতার বার্তা নিয়ে হাওড়া জেলার আন্দুল–মৌড়ীর স্বেচ্ছাসেবী সংগঠন ‘জীবন চেতনা’ সামাজিক বন্ধু পরিবারের উদ্যোগে ৬৩তম মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়। সংগঠনের ‘পরিধান’ প্রকল্পের পঞ্চম পর্বের মাধ্যমে এই কর্মসূচি পালিত হয় হাওড়া জেলার সাঁকরাইল ও মৌড়ীগ্রাম স্টেশন এলাকা এবং হুগলি জেলার চাঁপাডাঙার শ্রীরামপুর গ্রামাঞ্চলে।
কর্মসূচির আওতায় সাঁকরাইল এলাকায় একজন দৃষ্টিহীন বৃদ্ধা ও আর্থিকভাবে পিছিয়ে পড়া এক মহিলাকে শীতবস্ত্র হিসেবে কম্বল প্রদান করা হয়। হুগলি জেলার চাঁপাডাঙার শ্রীরামপুর গ্রামে দু’জনকে কম্বল ও একজনকে চাদর দেওয়া হয়। এছাড়াও বড়দিনের আনন্দ ভাগ করে নিতে ৩৫ জন গ্রাম্য শিশুকে শুষ্ক খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। আন্দুল স্টেশন এলাকায় পূর্বে শীতবস্ত্র বিতরণ সম্পন্ন হওয়ায় সেখানে এদিন কয়েকজন দিব্যাঙ্গ ও ভারসাম্যহীন ব্যক্তিকে শুষ্ক খাদ্যসামগ্রী দেওয়া হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সাঁকরাইল স্টেশনে বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের উপস্থিতি কম থাকায় আগামী দিনে সেখানে পুনরায় কর্মসূচি নেওয়া হবে। উল্লেখ্য, ‘জীবন চেতনা’ সামাজিক বন্ধু পরিবার ২০২৩ সালের ১৮ জুলাই থেকে হাওড়া, হুগলি ও পশ্চিম মেদিনীপুর জেলায় ধারাবাহিকভাবে মানবিক পরিষেবা প্রদান করে আসছে।








