বইমেলায় রক্তদানের মানবিক নজির সাগরদিঘীতে
নতুন পয়গাম, রহমতুল্লাহ, সাগরদিঘী: রক্তদানের মতো মানবিক কর্মসূচির মাধ্যমে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন হলো সাগরদিঘীতে। জঙ্গিপুর পুলিশ জেলা ও সাগরদিঘী থানার উদ্যোগে এবং সাগরদিঘী বইমেলা কমিটির পরিচালনায় সোমবার শুরু হওয়া ষষ্ঠ সাগরদিঘী বইমেলার পঞ্চম দিনে এক ব্যতিক্রমী ছবি ধরা পড়ল। বইমেলার চত্বরেই অনুষ্ঠিত হলো এক রক্তদান শিবির। জানা গেছে, সাগরদিঘীর স্বেচ্ছাসেবী সংগঠন তরঙ্গ ওয়েলফেয়ার ট্রাস্ট-এর উদ্যোগে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। বই ও সংস্কৃতির উৎসবের পাশাপাশি সমাজের মুমূর্ষু রোগীদের পাশে দাঁড়ানোর এই প্রয়াসকে স্বাগত জানান বইমেলা কমিটি ও প্রশাসন। এই মানবিক উদ্যোগ দেখে সন্তোষ প্রকাশ করেন সাগরদিঘী থানার ওসি সুমিত বিশ্বাস সহ বইমেলা কমিটির সদস্যরা। তাঁরা জানান, বইমেলার মতো সাংস্কৃতিক পরিসরে এমন সামাজিক দায়বদ্ধতার কর্মসূচি সত্যিই প্রশংসনীয়। তরঙ্গ ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি ইফতিকার আলম জানান, “বইমেলায় মানুষ যেমন বই কিনে জ্ঞানার্জন করেন, তেমনই এই উৎসবের মধ্যেই আমরা মুমূর্ষু রোগীদের কথা ভেবে রক্তদান শিবিরের আয়োজন করেছি।” তিনি আরও জানান, এদিনের শিবিরে ১৪ জন মহিলা সহ মোট ৬৩ জন স্বেচ্ছায় রক্তদান করেন। বইয়ের সঙ্গে মানবিকতার এই মেলবন্ধন সাগরদিঘী বইমেলাকে আরও একধাপ উচ্চতায় পৌঁছে দিল বলে মত সাধারণ দর্শনার্থীদেরও।








