বড়জোড়া থানা ট্রাফিক অফিসার ইনচার্জের তৎপরতায় প্রাণে বাঁচল ভবঘুরে যুবক
নতুন পয়গাম, সঞ্জয় মণ্ডল, বাঁকুড়া: বৃহস্পতিবার দুর্গাপুর ব্যারেজের ১১ নম্বর গেটে এক ভবঘুরে যুবক হঠাৎ জলের মধ্যে ঝাঁপ দিলে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনার সঙ্গে সঙ্গেই সেখানে কর্তব্যরত ট্রাফিক পুলিশের কর্মীরা বিষয়টি বড়জোড়া থানা ট্রাফিক অফিসার ইনচার্জ বিশ্বজিৎ পাঁজাকে অবহিত করেন। খবর পেয়েই বিশ্বজিৎ পাঁজা দ্রুত ট্রাফিক বিভাগের কর্মীদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। তাঁর নেতৃত্বে তৎপরতার সঙ্গে উদ্ধার অভিযান চালিয়ে ওই যুবককে জল থেকে নিরাপদে উদ্ধার করা হয়। ট্রাফিক অফিসার ইনচার্জ বিশ্বজিৎ পাঁজা জানান, উদ্ধার হওয়া যুবক বর্তমানে সুস্থ রয়েছেন এবং তাঁর কোনও শারীরিক ক্ষয়ক্ষতি হয়নি। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, ওই যুবক মানসিক ভারসাম্যহীন হতে পারেন। উদ্ধার অভিযানে ট্রাফিক পুলিশের দ্রুত পদক্ষেপে এক মূল্যবান প্রাণ রক্ষা পেয়েছে।
আরও পড়ুন








