ধূপগুড়ির হিন্দি কলেজ চত্বরে হাতির দল, তীব্র চাঞ্চল্য
প্রীতিময় সরখেল, নতুন পয়গাম, ধূপগুড়ি:
ধূপগুড়ি মহকুমার বানারহাট ব্লকের মরাঘাট মোড় সংলগ্ন হিন্দি কলেজ চত্বরে সোমবার সকাল থেকে তীব্র চাঞ্চল্য। সরকারি ফাঁকা জমিতে আশ্রয় নেয় প্রায় ২৫টি হাতির একটি দল, যার মধ্যে একাধিক শাবকও রয়েছে।
সকালে প্রাতভ্রমণে বেরোনো স্থানীয়রা হাতিদের দেখতে পেয়ে বনদপ্তরে খবর দেন। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াড ও পুলিশ বাহিনী। কখনও শাবকদের নিয়ে জাতীয় সড়ক পার, আবার কখনও কলেজের পেছনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকা — এমন দৃশ্য চোখে পড়ে উপস্থিতদের। এর ফলে জাতীয় সড়কে যান চলাচলেও বিঘ্ন ঘটে।
হাতিদের দেখতে ভিড় জমায় স্থানীয় বাসিন্দা, চা–বাগানের শ্রমিক ও পথচারীরা। কেউ মোবাইলে ছবি তোলেন, কেউ সেলফি তুলতে উদ্যত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও বনকর্মীরা নিরাপত্তা বলয় গড়ে সাধারণ মানুষকে দূরে সরিয়ে রাখেন।
বনদপ্তরের আধিকারিকরা জানান, শাবক থাকায় হাতির দলটি তুলনামূলক বেশি সতর্ক ও আক্রমণাত্মক। চারপাশে ঘনবসতি থাকায় দিনের বেলায় জঙ্গলে ফেরানো ঝুঁকিপূর্ণ। তাই আপাতত হাতিদের গতিবিধি নজরে রাখা হচ্ছে। সন্ধ্যার পর পরিস্থিতি অনুকূল হলেই হাতিদের জঙ্গলে ফেরানোর উদ্যোগ নেওয়া হবে বলে বনদপ্তর সূত্রে জানা গেছে।








