দোমোহানা জি.ডি. মিশনে প্রাক্তনীদের আবেগঘন মিলনমেলা
১৫ বছরের সোনালি পথচলা! স্মৃতিতে ভাসলো গোটা প্রাঙ্গণ
মোহাম্মদ জাকারিয়া, নতুন পয়গাম, রায়গঞ্জ:
উত্তর দিনাজপুর জেলার করণদিঘী ব্লকের দোমোহানা জি.ডি. মিশন রবিবার প্রত্যক্ষ করল এক আবেগঘন অধ্যায়। প্রতিষ্ঠানের পনেরো বছরের সাফল্যের যাত্রাপথকে স্মরণীয় করে রাখতে অনুষ্ঠিত হয় প্রাক্তন ছাত্রছাত্রীদের মিলনমেলা। সকাল থেকেই বিদ্যালয় প্রাঙ্গণ মুখরিত হয় প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের হাসি, আলাপ, আর স্মৃতিচারণে।
অনুষ্ঠানের সূচনা হয় প্রার্থনা ও বিদ্যালয়ের পতাকা উত্তোলনের মাধ্যমে। এরপর প্রাক্তনরা মঞ্চে উঠে ভাগ করে নেন তাঁদের ছাত্রজীবনের মধুর স্মৃতি, শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতার কথা। বিদ্যালয়ের কর্ণধার ও সম্পাদক জানে আলাম বলেন, “এই ১৫ বছরের পথচলা শুধু শিক্ষার নয়, এটি এক পরিবারের ঐক্য ও পরিশ্রমের প্রতিফলন।”
অনুষ্ঠানে প্রাক্তন ছাত্রীদের সংবর্ধনা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। কবিতা আবৃত্তি, সংগীত, নৃত্য ও নাটকের মাধ্যমে শিক্ষার্থীরা তুলে ধরেন শিক্ষার আলো ও মানবিকতার বার্তা। নাটকের মূল ভাবনা ছিল—“শিক্ষাই জাতির মেরুদণ্ড”। পাশাপাশি বিজ্ঞান প্রদর্শনীতে ছাত্রীরা নিজেদের সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার পরিচয় দেয়।
বিদ্যালয় প্রাঙ্গণ জুড়ে প্রাক্তন ও বর্তমানের মেলবন্ধনে তৈরি হয় এক আবেগময় পরিবেশ। প্রাক্তনীরা বলেন, “আজকের দিনটি যেন আমাদের সেই শৈশবের দিনগুলোকে নতুন করে ফিরিয়ে আনল।”
দোমোহানা জি.ডি. মিশনের ১৫ বছরের এই সোনালি পথচলা শুধু শিক্ষার সাফল্য নয়, এটি এক সামাজিক আলোকযাত্রা—যেখানে প্রতিটি প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী যুক্ত এক অটুট বন্ধনে, শিক্ষার আলোকে সমাজের প্রতিটি কোণে ছড়িয়ে দিতে।










