বানচাল বড়সড় ডাকাতির ছক পুলিশের হাতে আটক ৪ দুষ্কৃতি
বানচাল বড়সড় ডাকাতির ছক
পুলিশের হাতে আটক ৪ দুষ্কৃতি
আব্দুল গফফার, নতুন পয়গাম, হুগলী: আবারও চন্দননগর পুলিশ কমিশনারেটের সাফল্য। একলপ্তে বড়সড় ডাকাতির ছক বানচাল করে দিল চন্দননগর থানার পুলিশ। পুলিশ সুত্রে খবর, বুধবার গভীর রাতে চন্দননগরের বাগবাজার এলাকায় চারজনের এক দুষ্কৃতিদল ডাকাতির উদ্দেশ্যে ছক কষে। গোপন সূত্রে খবর পেয়ে চন্দননগর থানার আই সি শুভেন্দু ব্যানার্জী-র নেতৃত্বে পুলিশ আধিকারিক রাহুল বিশ্বাসকে সঙ্গে নিয়ে এক বিশাল পুলিশ বাহিনী ওইদিন বাগবাজার এলাকায় ফাঁদ পাতে। চার দুষ্কৃতি যখন একটি সোনার দোকানে ডাকাতি করার উদ্দেশ্যে জড়ো হয় তখন পুলিশ জোরদার অভিযান চালিয়ে তাদের হাতেনাতে গ্রেফতার করে ফেলে। এদিকে দুষ্কৃতিদের কাছ থেকে গ্যাস কাটার, তালা ভাঙার যন্ত্রাংশ সহ একটি নকল আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। পুলিশের অনুমান এই দলটি দীর্ঘদিন ধরেই এলাকার সোনার দোকানগুলিকে তাক করছিল। চন্দননগর থানার বলিষ্ঠ পদক্ষেপে ও এবং তৎপরতায় বড়সড় ডাকাতির ঘটনার হাত থেকে রক্ষা পেল স্বর্ণ ব্যবসায়ীরা। জানা গেছে, ধৃত চার দুষ্কৃতিকে চন্দননগর আদালতে তোলা হলে পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। এদিকে পুলিশ জানিয়েছে, দুষ্কৃতিদের সঙ্গে আরও কোন বড় চক্রের সঙ্গে যোগসাজশ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে।








