রাজনীতির ঊর্ধ্বে উঠে মানুষের জন্য খেলা
নতুন পয়গাম, এহসানুল হক, বসিরহাট: সীমান্তবর্তী অঞ্চলে ক্রীড়া ও সামাজিক সম্প্রীতির বার্তা নিয়ে অনুষ্ঠিত হলো ৮ দলীয় ভলিবল টুর্নামেন্ট। ইটিণ্ডা পানিতর পঞ্চায়েতের নাকোয়াদহ উত্তরপাড়ায় আমরা সবাই এন আর এস ক্লাব-এর উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। সকাল থেকেই খেলোয়াড় ও দর্শকদের উপস্থিতিতে মাঠ ছিল উৎসবমুখর পরিবেশে ভরপুর। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ গড়ে তোলে এবং সমাজকে ইতিবাচক পথে এগিয়ে নিয়ে যায়। রাজনীতির ঊর্ধ্বে উঠে মানুষকে প্রাধান্য দেওয়াই এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্য। আয়োজকদের বক্তব্য, সীমান্তবর্তী এলাকার যুবসমাজকে সুস্থ সংস্কৃতি ও খেলাধুলার সঙ্গে যুক্ত রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী এবং মৎস্য ও প্রাণিসম্পদ দপ্তরের কর্মদক্ষ কর্মকর্তা শরিফুল ইসলাম মন্ডল। তিনি বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি চরিত্র গঠন ও নেতৃত্ব বিকাশের অন্যতম গুরুত্বপূর্ণ উপায়। গ্রামবাংলায় নিয়মিত এমন ক্রীড়া প্রতিযোগিতা আয়োজিত হলে তরুণ প্রজন্ম সঠিক পথে এগিয়ে যাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। টুর্নামেন্টে অংশগ্রহণকারী আটটি দলই নিজেদের সেরা পারফরম্যান্স তুলে ধরতে মাঠে নামে। প্রতিটি ম্যাচেই ছিল উত্তেজনা ও হাড্ডাহাড্ডি লড়াই, যা দর্শকদের দারুণভাবে উপভোগ্য করে তোলে। দীর্ঘদিন পর এলাকায় এত বড় ক্রীড়া আয়োজন হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যেও ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই ভলিবল টুর্নামেন্ট কেবল একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়, বরং সামাজিক ঐক্য ও সুস্থ সংস্কৃতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। ভবিষ্যতেও নিয়মিতভাবে এমন ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে আশ্বাস দেন তাঁরা।








