বিশ্বকাপের আগে জোড়া ধাক্কা অজি শিবিরে, খুশির হাওয়া পাকিস্তানে
নতুন পয়গাম ডেস্ক: একদিকে ৭ বছর পর পাকিস্তানের কাছে টি-টোয়েন্টি সিরিজ হার, অন্যদিকে বিশ্বকাপ থেকে ছিটকে গেল তারকা বোলার প্যাট কামিন্স এবং ম্যাথিও শর্ট। শনিবার সিরিজ বাঁচাতে পাকিস্তানকে হারাতেই হতো মিচেল মার্শদের।কিন্তু হল অন্যকিছু।১৯৮ রান তাড়া করতে গিয়ে মাত্র ১০৮ রানেই অলআউট ব্যাগি গ্রীন।সিরিজের প্রথম টি–টুয়েন্টিতে ২২ রানে জেতে পাকিস্তান।কাল প্রথমে ব্যাট করে স্বাগতিকরা তোলে ৫ উইকেটে ১৯৮। শুরুতে সাহিবজাদা ফারহানের উইকেট হারিয়ে ফেললেও সাইম আইয়ুবকে নিয়ে আক্রমণাত্মক ব্যাটিংয়ে মনোযোগ দেন অধিনায়ক সালমান আঘা। ১৩তম ওভারে শন অ্যাবটের বলে ক্যাচ দিয়ে সালমান যখন ফেরেন, নামের পাশে ৪০ বলে ৭৬ রান, ৮টি চার ৪টি ছয়। দলীয় ১২৫ রানে সালমানকে হারানোর পর পাকিস্তানকে বাকি পথে এগিয়ে দেন উসমান খান। তাঁর ৩৬ বলে ৫৩ ও শাদাব খানের ২০ বলে ২৮ রানের অপরাজিত ইনিংসে ভর করে দুশোর কাছাকাছি পৌঁছে যায় পাকিস্তানের রান। অন্যদিকে রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া স্বস্তিতে ছিল না কখনোই। ট্রাভিস হেড ও মিচেল মার্শের উদ্বোধনী জুটি ২২ রান তোলার পর দুজনই ফেরেন পরপর দুই বলে।
এরপর তিনে নামা ক্যামেরন গ্রিন আর সাতে নামা ম্যাথু শর্ট ছাড়া অন্য কেউ ১০ বলও টিকতে পারেননি। গ্রিন ২০ বলে ৩৫ আর শর্ট ২৩ বলে ২৭ রান করেন। পাকিস্তানের হয়ে দুই লেগ স্পিনার আবরার আহমেদ ও শাদাব নেন ৩টি করে উইকেট, ২টি নেন উসমান তারিক, ১টি করে মোহাম্মদ নওয়াজ ও সাইম আইয়ুব। আন্তর্জাতিক টি–টুয়েন্টিতে এই প্রথম পাকিস্তানের স্পিনাররা ম্যাচে সব কটি উইকেট পেলেন। পাকিস্তান এবারের আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতেছিল ২০১৮ সালের অক্টোবরে। সংযুক্ত আরব আমিরাতে হওয়া সিরিজটিতে পাকিস্তানকে নেতৃত্ব দিয়েছিলেন সরফরাজ আহমেদ। মাঝে তিনটি দ্বিপক্ষীয় সিরিজ খেলেছিল দুই দল। সব কটিতে জিতেছিল অস্ট্রেলিয়া। এদিকে টি২০ বিশ্বকাপের আগেই বড় ধাক্কা খেল ক্যাঙারু বাহিনী। চোটের কারণে দল থেকে বাদ পড়লেন অন্যতম পেসার প্যাট কামিন্স এবং ম্যাথিও শর্ট। ফলে আসন্ন টি২০ বিশ্বকাপে মিচেল মার্শের নেতৃত্বেই খেলবে অজিরা।শনিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড। তাতে দেখা যায় দলে রয়েছেন- মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, কুপার কনোলি, টিম ডেভিড, বেন ডোয়ারশুইস, ক্যামেরন গ্রিন, নাথান এলিস, জশ হ্যাজেলউড, ট্র্যাভিস হেড, জশ ইংলিস, ম্যাট কুহনেম্যান, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাট রেনশ, মার্কাস স্টয়নিস এবং অ্যাডাম জাম্পা। অজি নির্বাচক জানিয়েছেন, পিঠে চোটের কারণে আসন্ন টি২০ বিশ্বকাপে খেলানো যাচ্ছে না কামিন্সকে। তাঁর জায়গায় বাঁ হাতি পেসার বেন ডোয়ারশাস দলে জায়গা পেয়েছেন এবং শর্টের জায়গায় ম্যাট রেনশ।








