মহম্মদ হাসান আলির উদ্যোগে চলছে এসআইআর ফর্ম পূরণে সহায়তা শিবির
উমার ফারুক, নতুন পয়গাম, মালদা:
রাজ্যের জেলায় জেলায় চলছে এসআইআর এর কাজ। সকাল থেকেই এসআইআর ফর্ম পূরণের জন্য ভিড় বাড়ছে এক সহায়তা শিবিরে। সকাল থেকে রাত পর্যন্ত ফর্ম হাতে ভিড় করছেন এলাকার বাসিন্দারা। এটা কোন রাজনৈতিক দল বা স্বেচ্ছাসেবী সংস্থার কোনও সহায়তা শিবির নয়। এলাকার এক অবসর প্রাপ্ত শিক্ষা দপ্তরের করণিকের উদ্যোগে তাঁরই বাড়ির সামনে গড়ে তোলা হয়েছে এই সহায়তা শিবির। এলাকার বাসিন্দাদের এসআইআর ফর্ম পূরণে এইভাবেই ব্যক্তিগত উদ্যোগে চলছে এই কর্মকাণ্ড।
মালদার রতুয়া-১ ব্লকের ভাদো অঞ্চলের ভাদো গ্রামে রতুয়া শিক্ষা সার্কেলের অবসর প্রাপ্ত করণিক মহম্মদ হাসান আলি নিজ বাড়ির সামনে তাঁবু করে সহায়তা শিবির করেছেন। এই অঞ্চলের ১৩৬ নম্বর বুথের বাসিন্দারা এসআইআর ফর্ম পূরণে ভিড় জমাচ্ছেন। মহম্মদ হাসান আলি ঠাণ্ডা মাথায় এলাকার বাসিন্দাদের ফর্ম পূরণ করে দিচ্ছেন। নারী – পুরুষ,দল মত নির্বিশেষে এলাকার বাসিন্দারা ফর্ম পূরণ করতে আসছেন ।
এই প্রসঙ্গে মহম্মদ হাসান আলি বলেন, আমি ২০২০সালে অবসর গ্রহণ করেছি। করণিক হিসেবে লেখালেখির কাজ করতাম। অফিসের কাজে ব্যস্ত থাকায় সমাজ সেবামূলক কাজ করার সময় পেতাম না। বর্তমানে এসআইআর নিয়ে সাধারণ মানুষের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে। তাই এলাকার বাসিন্দাদের ফর্ম পূরণে সহায়তা প্রদান করতে নিজের উদ্যোগেই এই শিবির করি।
তিনি আরও বলেন,ভাদো অঞ্চলের ১৩৬ নম্বর বুথে প্রায় ১১০৪জন ভোটার আছেন। প্রতিদিন প্রায় ৫০জন মানুষকে ফর্ম পূরণে সহায়তা প্রদান করছি। পাশের বুথ থেকেও লোকজন আসছেন তাদেরকেও এই পরিষেবা প্রদান করা হচ্ছে। এই মুহূর্তে মানুষের পাশে দাঁড়ানো উচিত বলে মনে করি। অবসর সময় মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে পেরে ভালো লাগছে।
তাঁর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এই বুথের বিএলও ওয়াহেদা রহমান। তিনি বলেন, এলাকার অবসর প্রাপ্ত করণিক ব্যক্তিগত উদ্যোগে এসআইআর ফরম পূরণে সহায়তা করছেন। এর ফলে এলাকার বাসিন্দারা উপকৃত হচ্ছেন।








