ভদ্রেশ্বরে পঁয়ত্রিশ শয্যা বিশিষ্ট কার্ডিয়াক ও ডায়ালিসিস ইউনিট চালু হল
নতুন পয়গাম, আব্দুল গফফার, হুগলিঃ হুগলি জেলার অন্যতম ভদ্রেশ্বর পৌরসভা পরিচালিত অঙ্কুর হাসপাতালের মুকুটে মঙ্গলবার একটি নতুন পালক যুক্ত হলো। ভদ্রেশ্বর পৌরসভা এবং একটি বেসরকারি চিকিৎসা কেন্দ্রের যৌথ উদ্যোগে এই হাসপাতালে কার্ডিয়াক এবং ডায়ালিসিস ইউনিট সহ পঁয়ত্রিশ শয্যা বিশিষ্ট হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন হল। মাধ্যমিক পরীক্ষার জন্য সংক্ষিপ্ত অনুষ্ঠানটি ছিল একেবারেই আড়ম্বরহীন। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দননগরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন ভদ্রেশ্বর পৌরসভার পৌরপ্রধান প্রলয় চক্রবর্তী, উপ-পৌরপ্রধান মোহাম্মদ ফিরোজ এবং স্বাস্থ্য বিভাগের পৌরপ্রধান পারিষদ সদস্য প্রকাশ গোস্বামী, চন্দননগর পৌর নিগমের মহানাগরিক রাম চক্রবর্তী, উপ মহানাগরিক অমিত আগরওয়াল সহ ভদ্রেশ্বর পৌরসভার অন্যান্য পৌর সদস্য। এছাড়াও উপস্থিত ছিলেন ওই বেসরকারি চিকিৎসা কেন্দ্রের পদাধিকারীরা।








