তেলেঙ্গানায় পরিকল্পিত মেরুকরণ নিশানায় আদিবাসী, মুসলিম ও দলিতরা

নতুন পয়গাম, হায়দরাবাদ: তেলেঙ্গানায় সাম্প্রতিক সাম্প্রদায়িক সহিংসতা ও সামাজিক উত্তেজনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি পরিকল্পিত রাজনৈতিক মেরুকরণ এবং প্রশাসনিক ব্যর্থতার ফল। ‘অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অফ সিভিল রাইটস’ -এর প্রকাশিত একটি অনুসন্ধানী রিপোর্টে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। ‘বিলংগিং , কোএক্সিস্টেন্স & ফ্রাকচার্স’ শীর্ষক এই রিপোর্টে দাবি করা হয়েছে, রাজ্যের আদিবাসী, মুসলিম এবং দলিত সম্প্রদায়কে উদ্দেশ্যপ্রণোদিতভাবে লক্ষ্যবস্তু করা হচ্ছে।
হায়দরাবাদ, নিজামাবাদ, নির্মল এবং আদিলবাদসহ একাধিক জেলায় সরেজমিনে তদন্ত চালিয়ে রিপোর্টটি তৈরি করা হয়েছে। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, জমি জমা নিয়ে সাধারণ বিবাদ বা তুচ্ছ ব্যক্তিগত সংঘর্ষকে উগ্রপন্থী গোষ্ঠীগুলো সুপরিকল্পিতভাবে সাম্প্রদায়িক রূপ দিচ্ছে। বিশেষ করে নির্বাচনের মতো সংবেদনশীল সময়ে ভুল তথ্য ছড়িয়ে এবং উসকানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে এই উত্তেজনা তৈরি করা হচ্ছে।
রিপোর্টের অন্যতম উদ্বেগের বিষয় হল পুলিশের পক্ষপাতদুষ্ট ভূমিকা। অভিযোগ করা হয়েছে, সংখ্যালঘু ও প্রান্তিক সম্প্রদায়ের মানুষেরা পুলিশের কাছে সাহায্য চাইলেও অনেক ক্ষেত্রে দেরি করে সাড়া দেওয়া হয়েছে। উল্টো অনেক ক্ষেত্রে ভুক্তভোগীদের বিরুদ্ধেই মিথ্যা মামলা দায়ের বা হেফাজতে নির্যাতনের প্রমাণ পাওয়া গেছে। এপিডিআর-এর ন্যাশনাল সেক্রেটারি নাদিম খান জানিয়েছেন, আদিবাসী, দলিত ও মুসলিমদের অর্থনৈতিক সমস্যাগুলো একই রকম হওয়া সত্ত্বেও তাঁদের একে অপরের বিরুদ্ধে লড়িয়ে দেওয়া হচ্ছে। এর ফলে কর্মসংস্থান বা জনপরিষেবার মতো মূল সমস্যাগুলো আড়ালে চলে যাচ্ছে। তবে অন্ধকারের মধ্যেও আশার আলো হিসেবে সিভিল সোসাইটি ও তরুণ প্রজন্মের উদ্যোগের কথা বলা হয়েছে, যারা অনেক ক্ষেত্রে মেরুকরণ রুখে দিয়ে সামাজিক সম্প্রীতি বজায় রেখেছেন।






















































































































