সংরক্ষিত জঙ্গল পরিষ্কার রাখতে তৎপর নাথুয়া রেঞ্জের বনদপ্তর.!
নতুন পয়গাম, প্রীতিময় সরখেল, ধূপগুড়ি: সংরক্ষিত জঙ্গল পরিষ্কার ও সুরক্ষিত রাখতে লাগাতার অভিযান চালাচ্ছে নাথুয়া রেঞ্জের বনদপ্তর। জানুয়ারি মাস এলেই সংরক্ষিত জঙ্গলের ভিতরে কিছু যুবক দল বেঁধে প্রবেশ করে পিকনিক পার্টি করার অভিযোগ উঠে। বিষয়টি বনদপ্তরের নজরে আসতেই নাথুয়া রেঞ্জের পক্ষ থেকে জঙ্গল লাগোয়া গ্রামসহ বিভিন্ন এলাকায় মাইকিং করে সচেতনতামূলক প্রচার চালানো হয়। সংরক্ষিত জঙ্গলের ভিতরে প্রবেশ ও পিকনিক না করার জন্য বারবার অনুরোধ জানানো হয় গ্রামবাসীদের। তবে এরপরও কিছু অসাধু ব্যক্তি বনদপ্তরের নির্দেশ অমান্য করে সংরক্ষিত জঙ্গলের ভিতরে প্রবেশ করে পিকনিক পার্টি করে। পিকনিক শেষে তারা কাঁচের মদের বোতল ও প্লাস্টিক জঙ্গলে ফেলে রেখে চলে যায় যা বন্যপ্রাণীদের জন্য মারাত্মক বিপদের কারণ হয়ে উঠছে। সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে নাথুয়া রেঞ্জের বনকর্মীদের নিয়ে বিভিন্ন সংরক্ষিত জঙ্গল এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শুরু করা হয়েছে।
এ প্রসঙ্গে নাথুয়া রেঞ্জের রেঞ্জার সেমা পোশাক চাকলা ধার বলেন এ ধরনের অভিযান আমাদের লাগাতার চলতে থাকে। জঙ্গল পরিষ্কার ও সুরক্ষিত রাখা আমাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। আমরা নিয়মিতভাবে জঙ্গল পরিষ্কার করি এবং মাইকিংয়ের মাধ্যমে মানুষকে সচেতন করি যাতে কেউ সংরক্ষিত জঙ্গলের ভিতরে প্রবেশ না করে। তবুও কিছু অসাধু ব্যক্তি নিয়ম ভেঙে জঙ্গলে ঢুকে পিকনিক করছেন। আগামী দিনে কেউ যদি বেআইনিভাবে জঙ্গলের ভিতরে প্রবেশ করে তাহলে তাকে আটক করে বনদপ্তরের নিয়ম অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ প্রসঙ্গে পরিবেশপ্রেমী নাফসার আলী বলেন সত্যিই বনদপ্তরের এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। সংরক্ষিত জঙ্গল পরিষ্কার ও সুরক্ষিত রাখতে বনদপ্তর যে উদ্যোগ নিয়েছে তা অত্যন্ত প্রশংসনীয়। এভাবেই জঙ্গলকে সুরক্ষিত রাখা গেলে বন্যপ্রাণী ও পরিবেশ দুটোকেই রক্ষা করা সম্ভব হবে। পাশাপাশি সাধারণ মানুষকেও আরও বেশি সচেতন হতে হবে।








