মাদক কারবারের বিরুদ্ধে প্রশাসন–সমাজের যৌথ লড়াই পুলিশের
নতুন পয়গাম, আবু রাইহান, কালিয়াচক: মাদক ও হিরোইন কারবার রুখতে আরও এক ধাপ এগোল মালদা জেলা পুলিশ। শুক্রবার দুপুরে কালিয়াচক–১ ব্লকের মোজমপুর হাইস্কুল প্রাঙ্গণে মাদকবিরোধী এক গুরুত্বপূর্ণ সচেতনতা সভার আয়োজন করা হয়। সভায় মোজমপুর অঞ্চলের বিভিন্ন মসজিদের ইমাম, গ্রামের মোড়ল ও সরদার, স্থানীয় জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত থেকে নেতৃত্ব দেন মালদা জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। এই সভার মূল উদ্দেশ্য ছিল মাদক কারবার নির্মূলে প্রশাসন ও সমাজের মানুষের মধ্যে সমন্বয় ও সহযোগিতা গড়ে তোলা। সভায় আরও উপস্থিত ছিলেন কালিয়াচক এসডিপিও ফয়সাল রেজা, কালিয়াচক থানার আইসি সুমন রায়চৌধুরী, স্থানীয় পঞ্চায়েত প্রধান, এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ।
সভায় বক্তব্য রাখতে গিয়ে পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ভাষায় বলেন, “মাদক কারবার আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। এই চক্র ভাঙতে গেলে শুধু পুলিশের উদ্যোগ যথেষ্ট নয়, সাধারণ মানুষের সক্রিয় সহযোগিতা অত্যন্ত জরুরি। মাদক কারবারের সঙ্গে যুক্ত কাউকেই ছাড়া হবে না।” তিনি আরও বলেন, কালিয়াচক ও মোজমপুর এলাকার প্রায় ৯৫ শতাংশ মানুষ সৎ ও পরিশ্রমী। এই অঞ্চল থেকে বহু ছাত্রছাত্রী দেশ ও বিদেশে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রশাসনিক আধিকারিকসহ নানা ক্ষেত্রে সুনামের সঙ্গে কাজ করছেন। একাধিক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানও এই এলাকার গর্ব। কিন্তু মাত্র ৫ শতাংশ অসাধু মাদক ব্যবসায়ীর জন্য গোটা এলাকার বদনাম হচ্ছে। এই স্বল্প সংখ্যক মাদক কারবারিকেই চিহ্নিত করে কঠোর আইনি পদক্ষেপ নেওয়াই পুলিশের প্রধান লক্ষ্য। সভায় উপস্থিত সাধারণ মানুষ ও সমাজের প্রতিনিধিদের কাছ থেকে মাদক কারবার রুখতে বিভিন্ন পরামর্শ গ্রহণ করেন পুলিশ আধিকারিকরা। পাশাপাশি প্রকৃত দোষীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়ে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করা হয়। প্রশাসন ও সমাজ একসঙ্গে হাত মিলিয়ে মাদকমুক্ত এলাকা গড়ে তোলার লক্ষ্যে এই উদ্যোগকে একটি গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্ট মহল।








