খাদ্য সংকটে ৬০ হাজার পেঙ্গুইনের মৃত্যু
নতুন পয়গাম:
দক্ষিণ আফ্রিকার উপকূলজুড়ে নেমে এসেছে মহাবিপর্যয়। সার্ডিন মাছের হঠাৎ উধাও হয়ে যাওয়া শেষমেশ মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে আফ্রিকান পেঙ্গুইনদের। মাত্র আট বছরে দুটি প্রধান কলোনিতে প্রাণ হারিয়েছে অসংখ্য পেঙ্গুইন। অস্ট্রিচ জার্নাল অব আফ্রিকান অরিন্থোলোজি-তে প্রকাশিত নতুন গবেষণায় বলা হয়েছে, ২০০৪ থেকে ২০১২ সালের মধ্যে ডাসেন আইল্যান্ড ও রবন আইল্যান্ডে আফ্রিকান পেঙ্গুইন কমেছে ৯৫ শতাংশ। মৃতের সংখ্যা ৬০ হাজারেরও বেশি।

এ খবর দিয়ে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান লিখেছে, গবেষণার সহ-লেখক ইউনিভার্সিটি অব এক্সেটারের ড. রিচার্ড শার্লি সতর্ক করে বলেছেন, এই বিপর্যয় কেবল এক-দুটো দ্বীপে নয়, পুরো অঞ্চলজুড়ে একই সংকট দেখা যাচ্ছে। গত তিন দশকে আফ্রিকান পেঙ্গুইন কমেছে প্রায় ৮০ শতাংশ। বিজ্ঞানীরা বলছেন, প্রজাতিটি এখন বিলুপ্তির ঝুঁকিতে। ২০০৪ সালের পর থেকে মাত্র তিন বছর বাদে প্রতি বছরে দক্ষিণ আফ্রিকার পশ্চিম উপকূলে সার্ডিন প্রজাতির প্রাচুর্য সর্বোচ্চ মাত্রার মাত্র ২৫ শতাংশে নেমে এসেছে।

সমুদ্রের তাপমাত্রা ও লবণাক্ততার পরিবর্তনে সার্ডিনের ডিম ছাড়ার সাফল্য কমেছে, অতিরিক্ত মাছ ধরা অব্যাহত রয়েছে। ফলে খাদ্য সংকট দেখা দেওয়ায় এহেন পরিস্থিতি হয়েছে। পেঙ্গুইনের প্রধান খাদ্য সার্ডিন মাছ হওয়ায় পেঙ্গুইনরা অনাহারে দিন যাপন করতে বাধ্য হচ্ছে। পেঙ্গুইনরা বছরে ২১ দিনের মতো সময় ভূমিতে অবস্থান করে পুরনো পালক ঝরিয়ে নতুন পালক নিয়ে পানিতে নামে। এ সময়ে তারা খেতে পারে না। তাই আগে থেকে শরীরে যথেষ্ট চর্বি জমাতে না পারলে উপবাস অবস্থায় বেঁচে থাকা সম্ভব হয় না।








