ঘুটিয়ারীশরিফে পুলিশের তৎপরতায় ৫৪ গ্রাম হেরোইন উদ্ধার
নতুন পয়গাম, উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, ঘুটিয়ারীশরিফ: দক্ষিণ ২৪ পরগনার ঘুটিয়ারীশরিফ এলাকায় মাদকবিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল পুলিশ। বারুইপুর পুলিশ জেলা-র অধীন জীবনতলা থানা এলাকায় রবিবার পরিচালিত অভিযানে ৫৪.৪৯ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। ঘটনায় দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, ঘুটিয়ারীশরিফ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক উপ-পরিদর্শক তুহিন মণ্ডল গোপন সূত্রে খবর পান যে, এলাকার হালদার পাড়ায় স্কুটি নিয়ে দু’জন ব্যক্তি সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছে। খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে আটক করা হয়।
ধৃতদের নাম জালাল সাকির সর্দার ওরফে রনি (২৭), বাড়ি জীবনতলা এবং ইফতিকার আহমেদ লস্কর (১৯), বাড়ি ঘুটিয়ারীশরিফ। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তাঁদের ও স্কুটির তল্লাশি চালিয়ে একটি স্বচ্ছ প্লাস্টিক মোড়কে রাখা ৫৪.৪৯ গ্রাম হেরোইন এবং দুটি মোবাইল ফোন উদ্ধার হয়। পুলিশের দাবি, উদ্ধার হওয়া মাদকদ্রব্য সংক্রান্ত কোনো বৈধ নথি দেখাতে পারেননি ধৃতরা। এরপর মাদক বাজেয়াপ্ত করে তাঁদের গ্রেফতার করা হয়। এই ঘটনায় জীবনতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের নির্দিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে। ধৃতদের আলিপুর আদালত-এ পেশ করা হয়েছে। তদন্তকারীরা জানিয়েছেন, এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।








