শাটডাউনের ৪০দিন বাতিল ৫ হাজার ফ্লাইট
নতুন পয়গাম, ওয়াশিংটন:
মার্কিন যুক্তরাষ্ট্রে সরকারি কার্যক্রম বন্ধ (শাটডাউন) থাকায় প্রতিদিন গড়ে পাঁচ হাজারেরও বেশি ফ্লাইট বাতিল কিংবা বিলম্বিত হচ্ছে। আকাশপথে চাপ কমাতে সে দেশের বিমান পরিবহন মন্ত্রক ৪০টি বড় বিমানবন্দরে উড়ানের সংখ্যা কমানোর জরুরি নির্দেশ দিয়েছে। সেই অনুযায়ী, এখন ফ্লাইট ৫ শতাংশ কমানো হয়েছে এবং আগামী সপ্তাহের শেষে তা ১০ শতাংশে পৌঁছাতে পারে। এর ফলে নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, শিকাগো ও ওয়াশিংটন ডিসির মতো প্রধান বন্দরগুলোতে বিপর্যয় সৃষ্টি হয়েছে। উল্লেখ্য, ট্রাম্প সরকারের অতিরিক্ত বাজেট পাস না হওয়ায় গত ১ অক্টোবর থেকে শাটডাউন চলছে। এর আগে ২০১৬ সালে ট্রাম্প প্রথমবার ক্ষমতায় এসে টানা ৩৬দিন শাটডাউন ছিল।

রবিবার এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের অনুপস্থিতির কারণে আটলান্টা, সান ফ্রান্সিসকো, হিউস্টন, ফিনিক্স, ওয়াশিংটন ডিসি ও নিউয়ার্কসহ অন্তত ১০টি বিমানবন্দরে শত শত ফ্লাইট বিলম্বিত হয়। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ৫৩০০টি ফ্লাইট বিলম্বিত হয়েছিল। ওয়াশিংটনের রিগ্যান ন্যাশনাল এয়ারপোর্টে গড়ে ৫ ঘণ্টা পর্যন্ত দেরি হয়েছে উড়ানে। রাজধানী শহরে ১৭ শতাংশ ফ্লাইট বাতিল ও প্রায় ৪০ শতাংশ বিলম্বিত হয়।
শাটডাউনের কারণে এয়ার ট্রাফিক কন্ট্রোলাররা বর্তমানে বেতন ছাড়াই কাজ করছেন। বিমান পরিবহনমন্ত্রী শন ডাফি বলেন, ‘আন্তর্জাতিক ফ্লাইট এখনও প্রভাবিত হয়নি, তবে শাটডাউন দীর্ঘদিন চলতে থাকলে বা সরকার বন্ধ থাকলে তা পরিবর্তন হতে পারে।’








