নতুন বছরের উপহার পুলিশের, ধূপগুড়িতে উদ্ধার হওয়া ৪৫টি চুরি যাওয়া মোবাইল ফিরল মালিকদের হাতে
নতুন পয়গাম, প্রীতিময় সরখেল, ধূপগুড়ি: নতুন বছরের প্রথম দিনেই ধূপগুড়িবাসীর জন্য খুশির বার্তা নিয়ে এল পুলিশ প্রশাসন। ধূপগুড়ি থানার উদ্যোগে চুরি যাওয়া মোট ৪৫টি মোবাইল ফোন উদ্ধার করে বৃহস্পতিবার সেগুলি প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হলো। ধূপগুড়ি থানার প্রাঙ্গণে আয়োজিত এই প্রত্যর্পণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) সমীর আহমেদ, মহকুমা পুলিশ আধিকারিক গেইলসেন লেপচা, ধূপগুড়ি থানার আইসি অনিন্দ্য ভট্টাচার্য সহ অন্যান্য তদন্তকারী পুলিশ আধিকারিকরা।
এদিন একে একে উদ্ধার হওয়া ৪৫টি মোবাইল ফোন তাদের নিজ নিজ মালিকদের হাতে তুলে দেওয়া হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বছরের প্রথম দিনটিকে সাধারণ মানুষের জন্য স্মরণীয় করে রাখতে এবং তাদের মুখে হাসি ফোটাতেই এই বিশেষ দিনটি বেছে নেওয়া হয়েছে।
দীর্ঘদিন পর হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পেয়ে স্বাভাবিকভাবেই খুশি মোবাইলের মালিকরা। মোবাইল ফিরে পাওয়া এক গ্রাহক প্রদীপ চক্রবর্তী জানান,“প্রায় এক বছর আগে একটি জায়গায় মোবাইল রেখে অন্যত্র গেলে ফিরে এসে দেখি সেটি আর নেই। এরপর ধূপগুড়ি থানায় লিখিত অভিযোগ জানাই। আজ নতুন বছরের প্রথম দিনেই পুলিশের কাছ থেকে মোবাইলটি ফিরে পেয়ে খুবই আনন্দিত।” অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) সমীর আহমেদ বলেন,“নতুন বছরের প্রথম দিনে চুরি হওয়া মোবাইলগুলি তাদের প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়েছে। আজ মোট ৪৫টি মোবাইল প্রত্যর্পণ করা হয়েছে। বছরের শুরুটা যেন মানুষের কাছে আনন্দের হয় এই ভাবনা থেকেই এই কর্মসূচির আয়োজন।”
পুলিশের এই মানবিক উদ্যোগে খুশি ধূপগুড়ির সাধারণ মানুষ। নতুন বছরের শুরুতেই পুলিশের এই পদক্ষেপে সাধুবাদ জানিয়েছেন শহরবাসী।








