বাসন্তীতে বাঘের পায়ের ছাপ ঘিরে আতঙ্ক
হাসান লস্কর, নতুন পয়গাম, বাসন্তী:
দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী ৪ নম্বর এলাকায় পুজোর মুখে অজানা জন্তুর আতঙ্ক ছড়িয়েছে। এলাকাবাসীর দাবি—লোকালয়ে হঠাৎ দেখা গেছে অচেনা জন্তু, তবে সেটি বাঘ নাকি অন্য কিছু, তা নিয়ে ধন্দে রয়েছেন সবাই।
ইতিমধ্যে স্থানীয়দের তোলা একটি ছবি ভাইরাল হয়েছে। সেই ছবি বিভিন্ন প্রশাসনিক দপ্তরের মোবাইলে ঘুরে বেড়াচ্ছে। তবে ছবিতে ধরা পড়া জন্তুটি সত্যিই বাঘ কি না, নাকি অন্য কোনো প্রাণী, তা এখনও নিশ্চিত নয়।
এলাকাবাসীর কথায়, জমিতে অজানা জন্তুর পায়ের ছাপ দেখা গেছে। কিন্তু সেটি বাঘের ছাপ কি না তা নিয়েও রয়েছে সন্দেহ। খবর পেয়ে স্থানীয় থানা ও বনদপ্তরকে জানানো হয়। বনদপ্তরের কর্মীরা ইতিমধ্যে এলাকায় তল্লাশি শুরু করেছেন, জন্তুটি বাঘ নাকি অন্য কোনো প্রাণী তা নিশ্চিত করতে।
সুন্দরবন সংলগ্ন এই এলাকায় লোকালয়ে বারবার বাঘ ঢুকে পড়ার অভিজ্ঞতার কারণে আতঙ্ক আরও বেড়েছে। পুজোর আগে এমন ঘটনায় স্থানীয়দের দিন কাটছে উৎকণ্ঠায়।








