ছত্তিশগড়, মহারাষ্ট্রে ২৫৮ মাওবাদীর আত্মসমর্পণ
নতুন পয়গাম, রায়পুর:
২০২৬ সালের ৩১ মার্চের মধ্যে দেশকে মাওবাদী-মুক্ত করার অঙ্গীকার করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই লক্ষ্যে কাজ চলছে। যদিও মাঝেমধ্যেই মাওবাদীরা এখনও নিরীহ মানুষ, পুলিশ এবং সেনা জওয়ানদের ওপর হামলা চালিয়ে হত্যা করছে।
এরই মধ্যে বৃহস্পতিবার ছত্তিশগড়ে মাওবাদী দমন অভিযানে বড় সাফল্য মিলল। একইদিনে নিষিদ্ধ এই সংগঠনের ১৭০ শসস্ত্র সদস্য আত্মসমর্পণ করল ছত্তিশগড়ে। মহারাষ্ট্রেও বুধবার ৬১ জন মাওবাদী আত্মসমর্পণ করেছে। সব মিলিয়ে গত দুই দিনে মোট ২৫৮ জন মাওবাদী হিংসার পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরেছে। ছত্তিশগড়ের অবুঝমার ও উত্তর বস্তার অঞ্চলকে মাওবাদী-মুক্ত বলে ঘোষণা করে অমিত শাহ বলেন, বিষয়টি খুবই সন্তোষজনক। এই এলাকাগুলো মাওবাদীদের শক্ত ঘাঁটি ছিল।
জানা গিয়েছে, এদের মধ্যে রয়েছে বেশ কয়েকজন মহিলা ক্যাডার সহ মাওবাদীদের শক্তিশালী সশস্ত্র শাখা পিএলজিএ (পিপলস লিবারেশন গেরিলা আর্মি)-র দুই সদস্যও। উল্লেখ্য, ইতিমধ্যেই মহারাষ্ট্রে গড়চিরৌলিতে আত্মসমর্পণ করেছে প্রয়াত মাওবাদী নেতা কিষেণজীর ভাই তথা প্রথমসারির মাওবাদী নেতা মল্লজুলা বেণুগোপাল রাও-সহ ৬০ জন।








