১২ নম্বর জাতীয় সড়কে মাদক দ্রব্যসহ ধৃত ২
নতুন পয়গাম, ধুলিয়ান:
সামসেরগঞ্জে প্রায় দুই কেজি হেরোইন উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত সামসেরগঞ্জ থানার পুলিশের বড়সড় সাফল্যে মঙ্গলবার সন্ধ্যায় ডাকবাংলা এলাকায় জাতীয় সড়ক ১২ নম্বরের ওপর থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার হয়। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে দুই যুবককে—সোহেল রানা ও জার্জিস ইসলাম, দু’জনেই মালদার বৈষ্ণবনগর থানার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, উত্তরবঙ্গ থেকে হেরোইন এনে ঝাড়খণ্ডে পাচারের ছক ছিল তাদের। সেই খবরের ভিত্তিতেই বেশ কয়েকদিন ধরে গোপন নজরদারি চালাচ্ছিল সামসেরগঞ্জ থানার পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় বিশেষ সূত্রের তথ্য পেয়ে অভিযানে নামে পুলিশ বাহিনী। সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে দুই যুবককে আটক করা হয়। তল্লাশিতেই উদ্ধার হয় প্রায় দুই কেজি হেরোইন, যার আন্তর্জাতিক বাজারমূল্য প্রায় ৫০ থেকে ৬০ লক্ষ টাকা। বাজেয়াপ্ত করা হয়েছে বেশ কিছু নথি ও মোবাইল ফোনও। পুলিশের অনুমান, বড় কোনও মাদক চক্রের সঙ্গেই যুক্ত ছিল ধৃতরা।
বুধবার সামসেরগঞ্জ থানা প্রাঙ্গণে সাংবাদিক বৈঠকে ফরাক্কার এসডিপিও শেখ শামসুদ্দিন জানান, গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সফল অভিযান চালিয়ে দুই কেজি হেরোইন উদ্ধার করা হয়েছে এবং দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে চক্রের পেছনে আরও কারা রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
বুধবারই ধৃতদের বহরমপুর আদালতে পেশ করা হয়। ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।








