নেপালে জেল ভেঙে পালাল ১৫ হাজার বন্দি
নতুন পয়গাম, কাঠমান্ডু, ১১ সেপ্টেম্বর: অশান্তি ও সহিংসতার আগুনে জ্বলছে নেপাল। তাণ্ডব, ভাঙচুর, লুটপাট থেকে অগ্নি সংযোগ সবই চলছে সমানতালে। পাশাপাশি এই অরাজক পরিস্থিতির সুযোগ নিয়ে ব্যাঙ্ক ডাকাতি থেকে শুরু করে পুরনো শত্রুতার জেরে খুন খারাবি, এমনকি বিভিন্ন জেল ভেঙে পালিয়েছে প্রায় ১৫ হাজার দাগি অপরাধী। তাদের মধ্যে কেউ কেউ সীমান্ত পেরিয়ে বিহার, উত্তরপ্রদেশে ঢুকে পড়েছে। বুধবার উত্তর প্রদেশ থেকে গ্রেপ্তার করা হয়ে এমনই ৫ নেপালিকে। যারা বিভিন্ন অপরাধে নেপালের জেলে বন্দি ছিল।
কাঠমান্ডুর দিল্লিবাজার, চিতওয়ান, নখু, ঝুমকা এবং জলেশ্বর ইত্যাদি জেল ভেঙে পালিয়েছে এসব ১৫ হাজার বন্দি, কয়েদি বা আসামী। জেল থেকে পালানোর সময় পুলিশ ও সেনার গুলিতে অন্তত ৫ জনের মৃত্যু হয় এবং আহতের সংখ্যা ৭। উল্লেখ্য, নেপাল সরকারের বিরুদ্ধে দুর্নীতি-সহ বহু অভিযোগে ফুঁসছিল সাধারণ মানুষ। বিরোধী কণ্ঠস্বর দমনে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সরকার বলপ্রয়োগ করছিল। তাতেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পেরে শেষমেষ ফেসবুক, ইউটিউব, এক্স-সহ ২৬ ধরনের সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করায় আগুনে ঘি পড়ে। উত্তাল হয়ে ওঠে গোটা দেশ। বিশেষ করে তরুণ প্রজন্ম রাস্তায় নেমে শ্রীলঙ্কা, বাংলাদেশের মতো মারমুখী আন্দোলন শুরু করলে মাত্র দু-দিনের মাথায় দেশ ছেড়ে পালান প্রধানমন্ত্রী এবং অনেক মন্ত্রী। আগুন ধরিয়ে দেওয়া হয় বহু নেতা, মন্ত্রী, আমলার বাসভবন।








