১৩৫ বিকৃত মরদেহ ফেরত এল গাজায়
নতুন পয়গাম, গাজা সিটি:
ইসরাইলের ফেরত দেওয়া ফিলিস্তিনি মরদেহগুলোতে পাওয়া গেছে ভয়াবহ নির্যাতনের চিহ্ন। গাজা প্রশাসনের মতে, কমপক্ষে ১৩৫ জন ফিলিস্তিনির বিকৃত মরদেহ ইসরাইল থেকে ফেরত এসেছে, যেগুলো রাখা হয়েছিল কুখ্যাত সব আটককেন্দ্রে। গাজার স্বাস্থ্য মন্ত্রকের ডাইরেক্টর ডা. মুনির আল-বুর্শ এই তথ্য জানিয়ে বলেছেন, পৈশাচিক নির্যাতন চালানোর পর কারাগারেই এরা মারা গেলে ডেডবডিগুলোকে ডিটেনশন ক্যাম্পে ফেলে দিয়েছিল ইসরাইল।
গত বছর প্রকাশিত এক ছবিতে দেখা যায়, লোহার কাঁটাতার দিয়ে ঘেরা খাঁচায় ফিলিস্তিনি বন্দিদের চোখ বেঁধে ও হাতকড়া পরিয়ে রাখা হত, হাসপাতালের খাটে শিকল দিয়ে বেঁধে ডায়াপার পরতে বাধ্য করা হত। অনেক বন্দিশালায় আবার পিছন দিক দিয়ে হাত-পা বেঁধে উপুড় করে ফেলে রাখা হত। শীতকালেও খালিগায়ে অথবা উলংগ করে রাখা হত। নিরপরাধ মানুষদেরকে রাতের অন্ধকারে বাড়ি থেকে তুলে নিয়ে বছরের পর বছর ফিলিস্তিনিদেরকে এভাবে কারাগারে পৈশাচিক নির্যাতন চালাত ইসরাইলি পুলিশ ও সেনারা। কুখ্যাত আবু ঘ্রাইব কিংবা গুয়ান্তানামো বে-কেও হার মানায় ইসরাইলি কারাগারগুলোর এমন হাড়হিম করা পাশবিক নির্যাতন।
উল্লেখ্য, গত সপ্তাহে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী হামাস ২০ জন জিম্মিকে মুক্তি দেয়। বিনিময়ে ইসরাইলও প্রায় হাজার দুয়েক গাজাবাসী বন্দিকে ফেরৎ দেয়। এখনও বন্দি রয়েছে প্রায় ১২ হাজার গাজাবাসী।








