বেলুচিস্তানে সন্ত্রাসী হামলা ও অভিযানে নিহত ১২০
নতুন পয়গাম: পাকিস্তানের বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে অন্তত ৯২ জন সন্ত্রাসী নিহত হয়েছে। শনিবার প্রদেশটির একাধিক জেলায় ভয়াবহ সন্ত্রাসী হামলার পর এই অভিযান চালানো হয়। এদিকে হামলায় নিরাপত্তা বাহিনীর ১৫ জন সদস্য প্রাণ হারিয়েছেন। এ ছাড়া ১৮ জন বেসামরিক নাগরিক নিহত হয়। রবিবার পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি ও বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি যৌথ সংবাদ সম্মেলনে বলেন, হামলার নকশা সীমান্ত পেরিয়ে ভারত থেকে করা হয়েছে। উল্লেখ্য, পাকিস্তান সরকার কোন অভ্যন্তরীণ ক্ষেত্রে ব্যর্থ হলেই তার দায় চাপায় প্রতিবেশী ভারত, আফগানিস্তানের ওপর।
পাক স্বরাষ্ট্রমন্ত্রী নাকভি বলেন, ‘সন্ত্রাসীরা কোথায় বসে এসব ছক করছে, তার অকাট্য প্রমাণ আমাদের কাছে আছে। আমরা বিশ্ববাসীর কাছে তাঁদের মুখোশ খুলে দেব।’ বেলুচ মুখ্যমন্ত্রী বুগতি বলেন, নিহতদের মধ্যে একটি পুরো বেলুচ পরিবারও রয়েছে। তিনি বলেন, নিরাপত্তা বাহিনীর তাৎক্ষণিক প্রতিক্রিয়ার কারণে ক্ষয়ক্ষতির মাত্রা অনেক কমানো সম্ভব হয়েছে।
নিরাপত্তা নিশ্চিত করতে পাঞ্জাব থেকে বেলুচিস্তান প্রবেশের সব পথ বন্ধ করে দেওয়া হয়েছে। ডেরা গাজী খান শহরের পুলিশ কমিশনার উসমান খালিদ বলেন, ফোর্ট মুনরো হাইওয়ে ও তৌনসা-মুসা খেল সড়ক দিয়ে যানচলাচল বর্তমানে বন্ধ রয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ অভিযানে অংশ নেওয়া সেনাদের সাহসিকতার প্রশংসা করে বলেন, সন্ত্রাসবাদ নির্মূল না হওয়া পর্যন্ত এ লড়াই চলবে।
আইএসপিআর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, গত এক বছরে পাকিস্তানে ৫৩৯৭টি সন্ত্রাসী হামলা হয়েছে। এর পেছনে আফগান ও ভারতীয় মদদপুষ্ট গোষ্ঠীগুলোর হাত রয়েছে। শুধু গত বছরেই পাকিস্তানজুড়ে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর অভিযানে ২৫৯৭ সন্ত্রাসী নিহত হয়েছে।








