মাত্র ১৩ মাসে হিফয সম্পন্ন ১২ বছরের তাসলিমার! লালগোলার চুয়াপুকুরে সংবর্ধনা
রহমতুল্লাহ, নতুন পয়গাম, মুর্শিদাবাদ: অবিশ্বাস্য কৃতিত্ব! মাত্র ১৩ মাসে সম্পূর্ণ কুরআন শরীফ মুখস্থ করে হাফেজা হওয়ার বিরল নজির গড়ল লালগোলার চুয়াপুকুরের ১২ বছরের তাসলিমা খাতুন। মঙ্গলবার “আর রহমান তাহফিজুল কুরআন হিফয শিক্ষা প্রতিষ্ঠান”-এর উদ্যোগে আয়োজিত কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা ও দোয়া মাহফিলে তাসলিমাকে বিশেষভাবে সম্মানিত করা হয়।
অনুষ্ঠানে তাঁকে পবিত্র কুরআন শরীফ ও স্মারক মেমেন্টো প্রদান করে সংবর্ধিত করা হয়। একই অনুষ্ঠানে ১৩ বছরের হাফেজ ইখলাসুদ্দিনকেও কুরআন শরীফ উপহার দেন প্রতিষ্ঠানের পক্ষ থেকে।
প্রতিষ্ঠাতা হাফিজ উমার ফারুক বলেন, “আমাদের লক্ষ্য প্রতিটি মুসলিম পরিবারের মধ্যে ইসলামী শিক্ষার আলো পৌঁছে দেওয়া। পাশাপাশি আমাদের ছাত্রছাত্রীরা যেন আরবি, বাংলা, ইংরেজি ও হিন্দি—সব ভাষাতেই দক্ষ হয়ে ওঠে, সেটাই আমাদের মূল উদ্দেশ্য।”
বিশেষ অতিথি হাফেজ আব্দুল করিম বলেন, “ইসলামী শিক্ষার পাশাপাশি সাধারণ শিক্ষার প্রতিও সমান গুরুত্ব দিতে হবে, যাতে ভবিষ্যতে কোনও ছাত্রছাত্রী জীবনের প্রতিযোগিতায় পিছিয়ে না পড়ে।” অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত, হামদ-নাত পরিবেশনা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। উপস্থিত অতিথি ও অভিভাবকেরা নবীন হাফেজ ও হাফেজাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।








