১২ নং জাতীয় সড়কে ভয়াবহ পথদুর্ঘটনা
নতুন পয়গাম, নবগ্রাম:
বিশ্বকর্মা পূজোর দিনেই জাতীয় সড়ক-১২ (NH-12)-এ ঘটল ভয়াবহ পথ দুর্ঘটনা। বুধবার মালদা থেকে বহরমপুরগামী একটি ছয়চাকা গাড়ি ও উল্টোদিক থেকে আসা একটি চারচাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষে চাঞ্চল্য ছড়ায় নবগ্রামে। আইলা মোড় ও শখিমোড়ের মধ্যবর্তী স্থানে ঘটে এই দুর্ঘটনা।
সংঘর্ষের তীব্রতায় ছোট গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। তবে অল্পের জন্য প্রাণে বাঁচেন দুই গাড়িচালক। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নবগ্রাম ট্রাফিক ওসি এবং নবগ্রাম থানার পুলিশ। দুর্ঘটনাস্থলে কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হয়।
ঘটনা সম্পর্কে ছোট গাড়ির চালক জানিয়েছেন, গাড়িটিতে ছিলেন তাঁর মালিক। তাঁর অভিযোগ, “ছয়চাকার গাড়ির চালক মোবাইল ব্যবহার করতে করতে গাড়ি চালাচ্ছিলেন।” অন্যদিকে ছয়চাকা গাড়ির চালক জানান, “আমার গাড়ি তখন দাঁড়িয়েছিল। প্রাইভেট গাড়িটিই এসে ধাক্কা মারে। দোষ ওদের।”
মাহালো নামে একটি বেসরকারি সংস্থার মালিকানাধীন এই ছয়চাকা গাড়িটি দুর্ঘটনায় জড়িত ছিল বলে জানা গিয়েছে। পুলিশ দুই পক্ষের বক্তব্য নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।








