ইরাক থেকে দেশে ফিরলেন ১১ জন পরিযায়ী শ্রমিক
উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, নতুন পয়গাম, মথুরাপুর:
ইরাকে আটকে পড়া ১১ জন পরিযায়ী শ্রমিক অবশেষে দেশে ফিরলেন। কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল এক ভিডিও, যেখানে কাকদ্বীপের নামখানা ব্লকের শ্রমিকদের ওপর অত্যাচারের ছবি প্রকাশ্যে আসে। খবর পেয়ে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি বিদেশ মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করেন এবং শ্রমিকদের পরিবারগুলির সঙ্গে কথা বলেন। প্রশাসনিক তৎপরতায় ভিসা সংক্রান্ত জটিলতা মিটিয়ে তাঁদের দেশে ফেরার ব্যবস্থা করা হয়।
মথুরাপুরের সাংসদ বাপি হালদার জানান, ইতিমধ্যে কয়েকজন শ্রমিক দেশে ফিরে গিয়েছেন, বাকিরাও ধাপে ধাপে ফিরবেন। বৃহস্পতিবার তিনি শ্রমিকদের পরিবারের হাতে খাদ্য ও বস্ত্রসামগ্রী তুলে দেন।
শ্রমিকদের পরিবার জানিয়েছে, দীর্ঘদিন পর প্রিয়জনদের দেশে ফেরায় তারা খুশি। ইরাকে শ্রমিকদের পাঠানোর জন্য দায়ী ঠিকাদারের বিরুদ্ধে তদন্তও শুরু হয়েছে।








