বিয়েতে ১০০ বিড়াল উপহার
নতুন পয়গাম, হ্যানয়, ৯ সেপ্টেম্বর:
সুবোধ সরকারের ‘শাড়ি’ কবিতায় আছে, ”বিয়েতে একান্নটা শাড়ি পেয়েছিল মেয়েটা”। কবিতাটা যারা পড়েছেন, জানেন মেয়েটির পরিণতি শেষমেষ কী হয়েছিল। যাক সেকথা, এই সংবাদ পুরোপুরি তেমন না হলেও শিরোনামে মিল রয়েছে। বিয়েতে একেবারেই ব্যতিক্রমধর্মী উপহার পেলেন ভিয়েতনামের এক কনে। ১০০টা সিভেট প্রজাতির বিড়াল পেয়েছেন তিনি। এই বিড়ালগুলোর মোট মূল্য প্রায় ৭০ হাজার মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রায় ৬১ লক্ষ ৭৫ হাজার ১০২ টাকা।
ভিয়েতনামের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বাসিন্দা ২২ বছর বয়সি কনে তার বিয়েতে আরো অনেক কিছু উপহার পেয়েছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হল ২৫টি সোনার বার, ২০ হাজার ডলার নগদ অর্থ, ৩০ কোটি ভিয়েতনামী ডং মূল্যের কোম্পানির শেয়ার এবং একাধিক দামি সম্পত্তি। পাত্রপক্ষও উপহার হিসেবে কনেকে দিয়েছে ১০ তোলা সোনা, ২ কোটি ডং নগদ অর্থ এবং হীরার গয়না।
কনের বাবা হং চি তাম জানান, তাঁর মেয়ে সুয়ো টিল বাম বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে পড়াশোনা করেছে। সে বিড়াল খুব পছন্দ করে। তাই তারা এতগুলো বিড়াল যত্ন সহকারে পুষবেন। ভিয়েতনামে সিভেট প্রজাতির বিড়াল খুবই দামি। স্ত্রী বিড়ালের দাম ৭০০ ডলার ১ হাজার ডলার মূল্যে বিকোয়। এসব বিড়াল সাধারণত ধনী লোকেরাই কেনে বা পোষে।
উল্লেখ্য, এই সিভেট বিড়াল মূলত কফি তৈরিতে ব্যবহৃত হয়। এই কফি উৎপাদনের বিশেষ পদ্ধতিতে এই গৃহপালিত প্রাণীরা পাকা কফি চেরি খায়। তারপর তাদের মল থেকে সেই কফির বীজ সংগ্রহ করে ধুয়ে, প্রক্রিয়াজাত করে কফি তৈরি করা হয়। এছাড়া সিভেট বিড়ালের মাংস চীন ও ভিয়েতনামে বিলাসবহুল আমিষ খাদ্য হিসেবে গণ্য হয়। চীনে ওষুধেও ব্যবহৃত হয় এই বিড়ালের বিভিন্ন অংশ।








