যামিনী রায় গ্রামীণ মেলায় একাধিক সাংস্কৃতিক ও সামাজিক কর্মসূচি
নতুন পয়গাম, সঞ্জয় মণ্ডল, বাঁকুড়া: বেলিয়াতোড়ের ভূমিপুত্র, বিশ্ববরেণ্য চিত্রশিল্পী যামিনী রায়ের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে অষ্টম বর্ষে পদার্পণ করল বেলিয়াতোড় যামিনী রায় গ্রামীণ মেলা। বেলিয়াতোড় যামিনী রায় কলেজ সংলগ্ন বেলিয়াতোড় হাই স্কুল হোস্টেল মাঠে ২২ জানুয়ারি ২০২৬ নারী ও পুরুষদের দূরপাল্লার দৌড় প্রতিযোগিতার মাধ্যমে মেলার সূচনা হয়। মেলা চলবে ৩০ জানুয়ারি পর্যন্ত। মেলা কমিটির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী কালিদাস মুখোপাধ্যায় জানান, বই, শিক্ষা, শিল্প, বাণিজ্য ও সংস্কৃতির মেলবন্ধনই এই মেলার মূল উদ্দেশ্য। এ বছরের মেলার থিম “বাঁকুড়ার ঐতিহ্য”। বইমেলার পাশাপাশি রক্তদান শিবির, সাহিত্য ও কবি সম্মেলন, সাংবাদিক সম্মাননা এবং বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এবছর রক্তদান শিবিরে নারী-পুরুষ মিলিয়ে ৫০ জনের বেশি মানুষ রক্তদান করেন। মেলার সাংস্কৃতিক মঞ্চে জি বাংলা সারেগামাপা খ্যাত দীপ চ্যাটার্জীর উপস্থিতি বিশেষ আকর্ষণ ছিল। আগামী ২৮ জানুয়ারি সংগীতশিল্পী মৌসম মুখার্জি এবং ২৯ জানুয়ারি অনল-কাকলি অভিনীত জনপ্রিয় যাত্রাপালা “সেই হারানো সুর” মেলার অন্যতম আকর্ষণ। মেলাকে ঘিরে বেলিয়াতোড় ও আশপাশের এলাকায় মানুষের উৎসাহ ও উন্মাদনা চোখে পড়ার মতো।








