সামশেরগঞ্জে ‘প্রতিবেশীর অধিকার’ শীর্ষক মহিলা সমাবেশ
নিজস্ব সংবাদদাতা, নতুন পয়গাম, সামশেরগঞ্জঃ
মুর্শিদাবাদের সামশেরগঞ্জের লোহরপুর ঈদগাহ ময়দানে রবিবার ‘প্রতিবেশীর অধিকার’ বিষয়ক এক গুরুত্বপূর্ণ সমাবেশের আয়োজন করল জামায়াতে ইসলামী হিন্দ। দুপুর থেকে শুরু হওয়া এই সমাবেশে এলাকার মহিলাদের ব্যাপক উপস্থিতি নজর কাড়ে।
সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য ও পশ্চিমবঙ্গ শাখার সহকারী রাজ্য সেক্রেটারি নাঈমা আনসারী, সামশেরগঞ্জ ব্লক জামায়াতের প্রাক্তন সভাপতি ওয়াকিল আহমেদ, তারিকুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
নাঈমা আনসারী তাঁর বক্তব্যে প্রতিবেশীর প্রতি মানবিক, নৈতিক ও ধর্মীয় দায়িত্ব পালনের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, সমাজে মহিলাদের ভূমিকা যেমন পরিবার গঠনে অপরিহার্য, তেমনি সুসম্পর্কপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ প্রতিবেশী পরিবেশ তৈরিতেও তাঁদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বক্তারা বিভিন্ন বাস্তব উদাহরণ তুলে ধরে প্রতিবেশীর অধিকার, পারস্পরিক সহমর্মিতা এবং সামাজিক দায়বদ্ধতার বিষয়গুলো ব্যাখ্যা করেন। সমাজে শান্তি, সম্প্রীতি ও সহযোগিতামূলক পরিবেশ গড়ে তুলতে মহিলাদের সক্রিয় ভূমিকার ওপর বিশেষ জোর দেওয়া হয়।
সমাবেশে উপস্থিত মহিলাদের উদ্দেশে প্রতিবেশী সম্পর্ক দৃঢ় করতে মানবিক দৃষ্টিভঙ্গি ও সামাজিক সচেতনতা বাড়ানোর আহ্বান জানানো হয়।









