সংসদে দাঁড়িয়ে কু-কথা কেন? অমিত শাহকে তোপ রাহুলের
নতুন পয়গাম, নয়াদি:
গত লোকসভায় অধিবেশন চলাকালে বহুজন সমাজপার্টির সাংসদ দানিশ আলি কুনওয়ারকে জাত-ধর্ম তুলে অশ্লীল কথা বলেছিলেন বিজেপি সাংসদ রমেশ বিধূরী। তা নিয়ে অনেক হইচই হলেও প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী কিংবা বিজেপি দল ক্ষমা চায়নি। শেষমেষ বিরোধীদের চাপে পড়ে কেন্দ্রের ৩নং মন্ত্রী রাজনাথ সিং ব্যক্তিগতভাবে দুঃপ্রকাশ করে দায় সেরেছিলেন। এবার সংসদের অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে অকারণে বিনা প্ররোচনায় কুকথা বলে ফেললেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
বুধবার লোকসভায় নির্বাচনী সংস্কার নিয়ে বিতর্ক চলাকালে অমিত বনাম রাহুলের মুখোমুখি বাকযুদ্ধ চরমে ওঠে। এসআইআর ও ভোটচুরি ইস্যুতে বিতণ্ডায় জড়িয়েছেন যুযুধান শিবিরের নেতাদ্বয়। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে আক্রমণের সুর সপ্তমে চড়িয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুলের তোপ, গতকাল সদনে বিতর্ক চলাকালে অমিত শাহকে ‘বিচলিত’ দেখাচ্ছিল। তাঁর হাত কাঁপছিল। এমতাবস্থায় স্বরাষ্ট্রমন্ত্রীর মুখ দিয়ে কু-কথা বেরিয়ে যায়। এই মর্মে রাহুল বলেন, যদিও আমার তোলা প্রশ্নগুলির কোনও জবাব মেলেনি। বিরোধী দলনেতার তীব্র আক্রমণের মধ্যেই অবশ্য এদিন একটি সূত্র থেকে দাবি করা হয়, গতকাল লোকসভায় সরকারের হয়ে জবাবি ভাষণ দেওয়ার সময় ১০২ ডিগ্রি জ্বর ছিল অমিত শাহের।

শুক্রবার সেই প্রসঙ্গ টেনে রাহুল সাংবাদিকদের বলেন, ‘অমিত শাহজি গতকাল সংসদে খুবই নার্ভাস ছিলেন। এমনকি তিনি কু-কথা বলে ফেলেন। তখন তাঁর হাত কাঁপছিল। দেখেই বোঝা যাচ্ছিল, মানসিকভাবে প্রচণ্ড চাপে রয়েছেন। গোটা দেশ তা দেখেছে।’ তবে জাতীয় কংগ্রেসের তরফে তাদের ফেসবুক পেজে এর একটা ভিডিয়ো আপলোড করা হয়েছে। যেখানে দেখা যায়, অমিত শাহ লোকসভায় জবাবি ভাষণ দিতে গিয়ে একটা আপত্তিকর শব্দ উচ্চারণ করে ফেলেন। সেটা কুরুচিকর গালিগালাজ না হলেও ওই শব্দটা সংসদে উচ্চারণ করা শোভনীয় নয়। তবে সেই ভিডিয়োটা এডিট করা কিনা, তা নিয়ে সন্দেহ সংশয় আছে। কেউ কেউ বলছেন, এমনটা বলেননি শাহ। ওটা এডিট করে ওনার মুখে বসানো হয়েছে।








