উত্তরবঙ্গেও ওবিসি বঞ্চনার ঢেউ: কোচবিহারে পিআইবি-র সভা
নতুন পয়গাম, নিজস্ব সংবাদদাতা:
নতুন ওবিসি তালিকা নিয়ে বঞ্চনার যে ক্ষোভ রাজ্যের বিভিন্ন প্রান্তে দানা বেঁধেছে, এবার সেই ঢেউ আছড়ে পড়ল উত্তরবঙ্গের কোচবিহারে। ৫ই অক্টোবর রবিবার প্রাকৃতিক দুর্যোগ এবং ঝড়-বৃষ্টি উপেক্ষা করে কোচবিহারের নতুন মসজিদে এক গুরুত্বপূর্ণ সচেতনতা সভার আয়োজন করে প্রোগ্রেসিভ ইন্টেলেকচুয়ালস অব বেঙ্গল বা PIB।
প্রবল প্রতিকূলতা সত্ত্বেও সভায় সমাজের বিভিন্ন স্তর থেকে বহু মানুষজন এবং বিশিষ্ট সদস্যরা উপস্থিত হন। তাদের এই উপস্থিতি বঞ্চনার বিরুদ্ধে সোচ্চার হওয়ার দৃঢ় সংকল্পকেই প্রতিফলিত করেছে।
উপস্থিত সদস্যরা পিআইবি-র রাজ্যজুড়ে চলমান ওবিসি আন্দোলনের সঙ্গে নিজেদের পূর্ণ সংহতি প্রকাশ করেন। তারা সম্মিলিতভাবে এই বঞ্চনার বিরুদ্ধে একযোগে লড়াইয়ের ঘোষণা দেন। বক্তারা সভায় তথ্য-পরিসংখ্যান তুলে ধরে ব্যাখ্যা করেন যে, কীভাবে নতুন ওবিসি তালিকা রাজ্যের সংখ্যালঘু অনগ্রসর শ্রেণীকে গভীর সংকটে ফেলেছে। তারা অবিলম্বে এই তালিকায় থাকা ত্রুটিগুলি সংশোধন করে ওবিসি সমাজের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার দাবি জানান।
কোচবিহারের এই সচেতনতা সভা উত্তরবঙ্গের ওবিসি আন্দোলনের একটি নতুন দিক উন্মোচন করল বলে মনে করা হচ্ছে। বঞ্চনা ও বৈষম্যের বিরুদ্ধে এই জোটবদ্ধ লড়াই আগামী দিনে আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেছেন পিআইবি-র স্থানীয় নেতৃত্ব। এ দিনের এই মহতী উদ্যোগে নেতৃত্ব দেন প্রধান শিক্ষক ফকরুল আলম, শিক্ষক আব্দুল হামিদ ,ড. আশিক ইকবাল, হর্টিকালচার সায়েন্টিস্ট ড. সিদ্দিকুল ইসলাম, অধ্যাপক তারিকুল ইসলাম, শিক্ষক হাফিজুল হক, শিক্ষক আব্দুল গাফুর মিঞা, সেচ দপ্তরের অফিসার আকবর আলী, নিম্ন বিভাগীয় করণিক আলী রেজা, জামিলুর রহমান, আলিফ হোসেন, সাইদুল ইসলাম, রবিউল হোসেন প্রমুখ।







