বাতাবারির চার্চে উষ্ণ অভ্যর্থনা, সম্প্রীতির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
নতুন পয়গাম, প্রীতিময় সরখেল, জলপাইগুড়িঃ নির্বাচনী প্রচারের অংশ হিসেবে মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায় জলপাইগুড়ি জেলার মেটিলি ব্লকের বাতাবারি এলাকার সেন্ট লাকি চার্চ-এ খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষের সঙ্গে মতবিনিময় করেন। এদিন টিয়াবন হেলিপ্যাডে তাঁর চপার অবতরণ করার পর সেখান থেকে কনভয়যোগে তিনি চার্চ প্রাঙ্গণে পৌঁছন। সেখানে স্থানীয় ধর্মগুরু ও সাধারণ মানুষ তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান।
চার্চে উপস্থিত খ্রিস্টান ধর্মগুরুরা মুখ্যমন্ত্রীর প্রতি সমর্থনের আহ্বান জানান। আলোচনায় উঠে আসে বিভিন্ন সামাজিক ও সাম্প্রদায়িক বিষয়। বিশেষ করে, বিগত বড়দিনে দেশের কিছু বিজেপি-শাসিত রাজ্যে খ্রিস্টান সম্প্রদায়ের উপর হওয়া দুর্ব্যবহারের অভিযোগ তুলে ধরা হয়। এক বক্তা বলেন, “যখন অন্য রাজ্যে বড়দিনের দিনে আমাদের ক্রিসমাস ট্রি ভাঙচুর করা হচ্ছিল, তখন এই রাজ্যে মুখ্যমন্ত্রী নিজে কেক বিতরণ করে সম্প্রীতির বার্তা দিয়েছেন।” এই প্রেক্ষিতে উপস্থিত অধিকাংশই আগামী নির্বাচনে মুখ্যমন্ত্রীর পাশে থাকার বার্তা দেন। সম্প্রীতি ও সহাবস্থানের বার্তাকে সামনে রেখেই এদিনের এই কর্মসূচি রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।








