মধ্যপ্রাচ্যে যুদ্ধ, গ্যাস আতঙ্কে ইনডাকশন ওভেন কেনার ধুম
নতুন পয়গাম, আব্দুল গফফার, হুগলি: মধ্যপ্রাচ্যে আমেরিকা-ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব এবার গৃহস্থের রান্নাঘরে। আগামী দিনে রান্নার গ্যাস সংকট দেখা দিতে পারে, এই আশঙ্কায় হুগলির বিভিন্ন এলাকায় ইনডাকশন ওভেন কেনার ধুম পড়েছে। বিশেষ করে ব্যান্ডেলের দোকানগুলোতে বিক্রি বেড়েছে বহুগুণ। স্থানীয় ব্যবসায়ীরা জানাচ্ছেন, যুদ্ধ পরিস্থিতি শুরু হওয়ার আগে গড়ে প্রতিদিন তিন-চারটি ইনডাকশন ওভেন বিক্রি হত। গত দুইদিনে সেই সংখ্যা লাফিয়ে বেড়ে ৭০-৮০ ছুঁয়েছে। চাহিদা এতটাই বেড়েছে যে মজুত শেষ হয়ে গিয়েছে, নতুন করে স্টক আনতে হচ্ছে বলে জানালেন ব্যান্ডেল জংশন স্টেশন রোডের ব্যবসায়ী পলাশ দাস।
অন্যদিকে গ্যাস সংকটের জেরে হোটেল-রেস্তোরাঁতেও সমস্যা দেখা দিয়েছে। ডোমেস্টিক সিলিন্ডার সরবরাহ অনিয়মিত হওয়ার পাশাপাশি বাণিজ্যিক গ্যাসের জোগানও ব্যাহত হচ্ছে। গ্যাস কোম্পানিগুলিতে ২৫ দিন আগে বুকিং দেওয়া যাচ্ছে না, বুকিং হলেও সময়মতো সিলিন্ডার পৌঁছচ্ছে না বলে অভিযোগ। গ্যাসের অভাবে বাড়তি দাম নেওয়ার অভিযোগও উঠেছে। সম্প্রতি উত্তরপাড়ার একটি গ্যাস অফিসের সামনে গ্রাহকদের ক্ষোভের চিত্র দেখা যায়, যেখানে সিলিন্ডার না পেয়ে বিক্ষোভ দেখান বহু মানুষ। গৃহস্থ থেকে ব্যবসায়ী, সব মহলেই এখন রান্নার জ্বালানি নিয়ে উদ্বেগ। আর সেই উদ্বেগ থেকেই বিকল্প পথ হিসেবে ইনডাকশন ওভেনের দিকে ঝুঁকছেন সাধারণ মানুষ। গ্যাস এল কি না এল, রান্না তো বন্ধ থাকবে না; এই বাস্তবতায় ইনডাকশন ওভেন এখন হুগলির গৃহস্থের নতুন ভরসা।








